Friday 30 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মিরপুর-১০ ছাড়লেও ১১-তে পোশাক শ্রমিকদের অবস্থান, তীব্র যানজট

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৬ ১৫:০৭ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৬ ১৮:৪৭

ঢাকা: মাসিক বেতন ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধের দুই ঘণ্টা পর সেখান থেকে সরে গেলেও মিরপুর-১১ নম্বর আটকে আন্দোলন করছেন পোশাক শ্রমিকরা। এ কারনে ওই পল্লবী থেকে মিরপুর-১০ এর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর-১০ সড়ক ছাড়েন পোশাক শ্রমিকরা। এরপর দুপুর পৌঁনে ৩টাতেও মিরপুর-১১ নম্বর সড়ক ছাড়েনি পোশাক শ্রমিকরা।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার বলেন, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকেরা সড়কে নেমেছিলেন। পুলিশ তাদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানায়। পরে তারা সড়ক থেকে সরে যান। তবে মিরপুর-১১ নম্বর এলাকার সড়ক এখনো ছেড়ে দেয়নি। তাদের অনেকভাবে বোঝানো হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এই মুহুর্তে মিরপর-১১ নম্বর এলাকার সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের নানাভাবে বুঝিয়ে সড়ক ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। তারা কথা দিয়েছে কিছুক্ষণের মধ্যেই সড়ক ছেড়ে দেবেন।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে কয়েকটি পোশাক কারখানার কয়েকশ শ্রমিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে মিরপুর-১০ ও আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।

পোশাক শ্রমিকদের দাবি, সরকার সবকিছুর দাম বাড়িয়েছে। জীবন যাপন কোনোভাবেই আর সম্ভব হচ্ছে না। একইসাথে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো হয়েছে। যার ফলে পোশাক শ্রমিকদের বেতন তলানিতে পড়েছে। এ কারনে নুন্যতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে শ্রমিকরা মাঠে নেমেছে।

সারাবাংলা/ইউজে/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর