গ্রাহকদের ডিজিটাল আর্থিক লেনদেনের সেবার পরিধি বাড়াতে ওয়ান ব্যাংক পিএলসির সঙ্গে কৌশলগত অংশীদারির চুক্তি করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ।
সম্প্রতি রাজধানীর গুলশানে ওয়ান ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিটি সই হয়।
চুক্তিতে নগদের পক্ষে সই করেন প্রতিষ্ঠানটির চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সরওয়ার ভূইয়া এবং ওয়ান ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী জিয়াউল ইসলাম। এই চুক্তির ফলে ওয়ান ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স আরও দ্রুত ও সহজে প্রান্তিক মানুষের নগদ ওয়ালেটে পৌঁছে যাবে।
বিদেশে অবস্থানরত প্রবাসীরা আন্তর্জাতিক এক্সচেঞ্জ হাউস, মানি ট্রান্সফার অপারেটর (এমটিও) কিংবা ব্যাংকের মাধ্যমে বৈধপথে দেশে অর্থ পাঠাতে পারবেন মুহূর্তেই। দেশের প্রত্যন্ত অঞ্চলসহ যেকোনো স্থান থেকে নগদ গ্রাহকেরা ২৪ ঘণ্টা এই অর্থ গ্রহণ ও ব্যবহার করতে পারবেন। এ ছাড়া আগামীতে ওয়ান ব্যাংকের ন্যানো লোন সেবাসহ যেকোনো ঋণ ও মাসিক সঞ্চয়ের (ডিপিএস) কিস্তি নগদের মাধ্যমে পরিশোধ করার সম্ভাব্যতাও যাচাই করবে দুই প্রতিষ্ঠান।