Thursday 29 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরাজগঞ্জে আগুনে পুড়ল ২টি বসতঘর, ৮ লাখ টাকা ক্ষতির দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৬ ১৮:৫৬

আগুনে পোড়া বসতঘর।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের নারানদিয়া গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে দুইটি বসতঘর ও ঘরের আসবাবপত্র পুড়ে গেছে।

বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্তরা।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময় শামীম হোসেনের ঘরের বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত পাশের আরেকটি ঘরে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আধা-পাকা টিনের দুইটি ঘরসহ আসবাবপত্র পুড়ে যায়। ঘটনার সময় বাড়ির লোকজন ঘরে না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি।

আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে। তবে ঘর থেকে কোনো মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে নগদ টাকা, স্বর্ণালংকার, ধান, চাল, পোশাক, ফ্রিজ, টেলিভিশন ও জমির দলিলসহ মূল্যবান সামগ্রী পুড়ে গেছে।

বিজ্ঞাপন

খবর পেয়ে কাজিপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।

কাজিপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মাসুদ পারভেজ বলেন, ‘প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দুর্গম যোগাযোগব্যবস্থার কারণে ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা দেরি হয়।’

এদিকে, সব হারিয়ে অসহায় হয়ে পড়েছে পরিবারটি। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রশাসন ও বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর