ঢাকা: রাজধানীর সায়দাবাদ জনপদ মোড়ে সড়ক দুর্ঘটনায় আরিয়ান (২৭) নামে এক যুবক মারা গেছে।
শুক্রবার (৩০ অক্টোবর) ভোর ৫টার দিকে মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত আরিয়ানের বেয়াই সোহাগ মিয়া জানান, আরিয়ান গুলিস্তান ফুটপাতে জুতা বিক্রি করতেন। প্রতিদিন রাত ১১টার দিকে বাসায় ফিরে আসে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৩টা বেজে গেলেও বাসায় ফিরেনি। এরপর আরিয়ানকে খুঁজতে গুলিস্তান যাই। সেখানে তাকে না পেয়ে রিকশা যোগে বাসায় ফিরছিলাম। সায়দাবাদ জনপদ মোড়ে মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে আসলে লোকজনের জটলা দেখতে পাই। কাছে গিয়ে দেখি আরিয়ান আহত রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। দ্রুত আরিয়ানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোন এক যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে পরে ছিল আরিয়ান।
সোহাগ মিয়া আরও জানান, আরিয়ানের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানার রামগড় গ্রামে। বাবার নাম আব্দুল কাদের ভূঁইয়া। বর্তমানে যাত্রাবাড়ী নবীনগর মীর হাজিরবাগ এলাকায় বসবাস করতেন। আরিয়ান ১ বছর আগে মিম নামের এক মেয়ের সঙ্গে বিয়ে হয়। মিম বর্তমানে চার মাসের অন্তঃসত্ত্বা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাতে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশ তদন্ত করছে।