ঢাকা: চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১৬ হাজার ৭১৪ জন শিক্ষার্থী।
শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ১১টি শিক্ষা বোর্ডের ফলাফল প্রকাশ করা হয়। ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
ঢাকা শিক্ষা বোর্ডে এবার মোট পরীক্ষার্থী ছিলেন ৩ লাখ ১ হাজার ৩৬৯ জন। তাদের মধ্যে পাস করেছেন ১ লাখ ৮৩ হাজার ৯৩০ জন। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ১ লাখ ৩৮ হাজার ২৪ জন এবং ছাত্রী ১ লাখ ৬৩ হাজার ৩৪৫ জন।
জিপিএ-৫ প্রাপ্তির হিসাবে ঢাকা বোর্ডের পর রয়েছে যশোর শিক্ষা বোর্ড। এ বোর্ডে ৩ হাজার ২২৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। দিনাজপুরে ২ হাজার ৯৫৩ জন, চট্টগ্রামে ২ হাজার ৯২৯ জন এবং ময়মনসিংহে ২ হাজার ১৩৭ জন জিপিএ-৫ পেয়েছেন।
এ ছাড়া কুমিল্লা শিক্ষা বোর্ডে ১ হাজার ৩১৩ জন, সিলেটে ১ হাজার ২০৫ জন এবং বরিশাল বোর্ডে ৯৫০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে বরিশাল বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে কম।
অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৩ হাজার ২৫০ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৮৮৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
উল্লেখ্য, ১১টি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ।