বরিশাল: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় বরিশাল শিক্ষাবোর্ডে এবার পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ। জিপিএ ৫ পেয়েছেন ৯৫০ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ ৫ দুটিই কমেছে। তাছাড়া বোর্ডের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় পরীক্ষার ফলাফল ঘোষণাকালে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা এই তথ্য জানান। তিনি বলেন, এবারের ফলাফল যথাযথভাবে পর্যালোচনা ও মূল্যায়নের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এতে শিক্ষার্থীদের প্রকৃত মেধার প্রতিফলন ঘটেছে।
শিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর বরিশাল বোর্ডের অধীন বিভাগের ছয় জেলার ৩৫০টি কলেজ থেকে মোট ৫৭ হাজার ৯১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ছাত্র ২৬ হাজার ৭৫৫ এবং ছাত্রী ৩১ হাজার ১৫৭ জন। পাস করেছেন ২৫ হাজার ৯৭০ জন। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৬২ দশমিক ৫৭ শতাংশ। সে বছর জিপিএ ৫ পেয়েছিলেন ১ হাজার ৬৭৪ শিক্ষার্থী। সে হিসেবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে প্রায় ১৮ শতাংশ পয়েন্ট। জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে ৭২৪ জন।
বরিশাল বোর্ডে এইচএসসির পাসের হার ৪৪.৮৪ শতাংশ
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৬ ১৩:০৪
৩১ অক্টোবর ২০২৬ ১৩:০৪
সারাবাংলা/এনজে