Saturday 31 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গোপালগঞ্জে ১১ দলীয় ঐক্যের লংমার্চ বহর

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৬ ১২:২৮ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ ১২:৩১

গোপালগঞ্জের কাশিয়ানীর ভাটিয়াপাড়া মোড়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চ উপলক্ষ্যে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে লংমার্চের বহর ভাটিয়াপাড়া মোড়ে পৌঁছালে হাজারো নারী-পুরুষ তাদের স্বাগত জানান। এ সময় জনতার উদ্দেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

জনতার উচ্ছ্বাসের প্রতি সম্মান জানিয়ে তিনি ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়ে অনড় ভূমিকা পালনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

পথসভা শেষে লংমার্চের বহর খুলনার উদ্দেশে যাত্রা করে। সেখানে খুলনা মহানগরীর বাবরী চত্বর ও ফুলতলার বাসস্ট্যান্ডসংলগ্ন স্বাধীনতা চত্বরে আয়োজিত পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে বহরটির। এরপর যশোরের মুড়লীর মোড় এবং ঝিনাইদহ বাস টার্মিনালের পথসভায় যোগ দেবেন নেতারা। সবশেষে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে লংমার্চের সমাপনী সমাবেশ।

বিজ্ঞাপন

এ ছাড়া লংমার্চের পথে বিভিন্ন স্থানে গণজমায়েতের মধ্যে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা, বিশেষ করে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। সড়কের দুই পাশে দাঁড়িয়ে স্থানীয় ১১ দলের নেতাকর্মীরা লংমার্চের বহরকে অভিবাদন জানাবেন।

এর আগে সকাল ১০টার দিকে শরীয়তপুরের নাওডোবায় একটি পথসভায় অংশ নেয় লংমার্চের বহর। এরও আগে সকাল ৭টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে লংমার্চের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে এর আগে গত ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম অভিমুখে প্রথম লংমার্চ এবং ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে দ্বিতীয় লংমার্চ করে ১১ দলীয় ঐক্য।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর