Saturday 31 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত-সামাজিক দায়িত্ব পালনের আহ্বান প্রতিমন্ত্রীর

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৬ ১২:৪০ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ ১২:৪১

রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

ঢাকা: ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক পর্যায়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

শনিবার (৩১ অক্টোবর) ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক র‍্যালি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নেওয়া কষ্টসাধ্য। তাই আক্রান্ত হওয়ার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা সহজ। এ জন্য বাড়ির আশপাশ, আঙিনা, ছাদ, টবসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখতে হবে। এডিস মশার বিস্তার রোধে সবাইকে সচেতন হতে হবে।

বিজ্ঞাপন

হাবিবুর রশিদ হাবিব বলেন, জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার নতুন বাংলাদেশ, গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় কাজ করছে। প্রধানমন্ত্রী জনগণের প্রত্যাশা পূরণে দিন-রাত চেষ্টা করছেন। সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে সম্মিলিতভাবে অনেক কিছু অর্জন করা সম্ভব।

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, পরিবারের কোনো সদস্য ডেঙ্গুতে আক্রান্ত হলে সাধারণত মানুষ এ বিষয়ে সচেতন হয়। কিন্তু ডেঙ্গুবাহী এডিস মশার বিস্তার রোধে বাড়ির আশপাশ, আঙিনা, ছাদ, টব ও বিভিন্ন স্থানে জমে থাকা পানি পরিষ্কার রাখার মতো ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক দায়িত্ব পালনে অনেকে গুরুত্ব দেন না।

তিনি বলেন, চিকিৎসকেরা জানিয়েছেন, ডেঙ্গু প্রতিরোধ করা যতটা সহজ, আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়া তার চেয়ে কঠিন। তাই নিজেদের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং এডিস মশার বিস্তার রোধে সচেতন হওয়া প্রয়োজন।

মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাসেবার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, একসময় হাসপাতালটি মূলত এলাকার মানুষের চিকিৎসার ভরসাস্থল ছিল। বর্তমানে সারা দেশ থেকে রোগীরা এখানে চিকিৎসা নিতে আসছেন। হাসপাতালটিতে বিভিন্ন চিকিৎসাসুবিধা বাড়ার পাশাপাশি ডেঙ্গু চিকিৎসার সুযোগও বৃদ্ধি পেয়েছে।

দায়িত্ব পালনে অবহেলার বিষয়ে সতর্ক করে প্রতিমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে জনগণের জবাবদিহি রয়েছে। জনগণকে সেবা দিতে সরকার বাধ্য। কেউ দায়িত্ব পালনে গাফিলতি করলে সরকার তাকে ছাড় দেবে না। তাঁরাও দায়িত্ব পালনে অবহেলাকারীদের ছাড় দেবেন না।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর