কুষ্টিয়া: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের উপস্থিতিতেই কুষ্টিয়ায় ছাত্রদলের দুই পক্ষের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শহরের দিশা টাওয়ারে জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভা চলাকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সভা চলাকালে ছাত্রদলের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হট্টগোল ও হাতাহাতিতে রূপ নেয়। পরে কয়েকজন চেয়ার তুলে একে অপরের দিকে এগিয়ে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এ ঘটনায় কিছু সময়ের জন্য মতবিনিময় সভা বন্ধ হয়ে যায়। পরে জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সভার কার্যক্রম আবার শুরু হয়।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি বলেন, ‘ছাত্রদলের কোনো দুই গ্রুপ নেই। কথাকাটাকাটির জেরেই এমন ঘটনা ঘটেছে। বিষয়টি সমাধানে কাজ কাজ করা হচ্ছে।’