স্পিনার নাঈম হাসান শেষ দিকে ফিফটি তুলে নিলেন বলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে সম্মানজনক একটা লিড দিতে পেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ১৪২ রানেই গুটিয়ে যাওয়া বাংলাদেশ দুই ইনিংস মিলিয়ে লিড পায় ১৬৯ রানের। এই পুঁজি নিয়ে ম্যাচ জিততে হলে শুরু থেকেই দাপট দেখাতে হতো বোলারদের। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ওপেনিং জুটিই ভাঙতে পারছে না বাংলাদেশ!
১৬৯ রানের জবাব দিতে নেমে বিনা উইকেটে ১১০ রান তুলে ফেলেছেন দুই ক্যারিবিয়ান ওপেনার জন ক্যাম্পাবল ও ব্র্যান্ডন কিং।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে ২৫ রানের গুরুত্বপূর্ণ লিড পেলেও দ্বিতীয় ইনিংসে বাংলাদেশি ব্যাটাররা চরম ব্যর্থ। ক্যারিবিয়িান স্পিনারদের সামনে রীতিমতো অসহায় হয়ে পরে বাংলাদেশি ব্যাটাররা।
ব্যতিক্রম কেবল স্পিনার নাঈম হাসান। নয় নম্বরে নেমে তুলে নেন দারুণ এক ফিফটি। ফলে মাত্র ৩৫ রানে পাঁচ উইকেট হারানো বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে শেষ পর্যন্ত গিয়ে থামে ১৪২ রানে। নাঈম হাসান ৯১ বলে ৪টি চারে করেন ৫২ রান।
এছাড়া দুই অঙ্কের কোটা পেরুতে পেরেছেন জাকের আলী অনিক (২২), সাদমান ইসলাম অনিক (১৩) আর নাজমুল হোসেন শান্ত (১০)।
তবে বাংলাদেশি ব্যাটাররা যে পিচে ক্যারিবিয়ান স্পিনারদের বিপক্ষে অসহায় হয়ে পরেন সেই পিচেই রীতিমতো রানের ফুলঝুঁড়ি ছুটিয়েছেন দুই ক্যারিবিয়ান ওপেনার।