ঢাকা: দেশের বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) ও কন্ট্যাক্ট সেন্টার খাতের শীর্ষ বাণিজ্য সংগঠন ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং’ (বাক্কো)-এর ২০২৬–২০২৮ মেয়াদের ১২ সদস্যের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।
এতে উইনটেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়সল আলিম সভাপতি এবং ব্রোটেকস টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা নাহিদ হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর শাহীনবাগের হোটেল এম্পিরিয়ানে স্থাপিত একটি বুথে সাধারণ পরিচালক পদের পাঁচটি আসনে ভোট অনুষ্ঠিত হয়। মোট ১৯২ জন ভোটারের মধ্যে ৯৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন। কোনো ভোট বাতিল হয়নি।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও আইসিসি কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সিদ্দিক ফলাফল ঘোষণা করে বলেন, ‘অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে। ভোট গণনা শেষে সাধারণ পরিচালক পদে একজন বাদ পড়েছেন। জয়ীরা আগামীতে এই শিল্পখাতক দৃঢ় অবস্থানে নিয়ে যাবেন।’

‘বাক্কো’র কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ভোট গণনা পর্যবেক্ষণ করছেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান সাইফুল ইসলাম সিদ্দিক। ছবি: সারাবাংলা
সাধারণ পরিচালক পদে ফলাফল পাঁচটি সাধারণ পরিচালক পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ছয় প্রার্থী। তাদের মধ্যে সর্বোচ্চ ৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ভাইজার এক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোস্তফা জামাল ইউসুফ। অন্যান্য বিজয়ীদের মধ্যে টিকন সিস্টেম লিমিটেডের পরিচালক এস এম মসিউর রহমান পেয়েছেন ৮৮ ভোট, ফ্রাইডেসফট লিমিটেডের চেয়ারম্যান ফয়সাল সালাম পেয়েছেন ৮৬ ভোট, ইনভিক্টা সলিউশনস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও মোহাম্মদ সাইফুল ইসলাম পেয়েছেন ৮৫ ভোট এবং ইগনাইট টেক সলিউশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা আশিকুর রহমান পেয়েছেন ৭০ ভোট। অন্যদিকে ৬১ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে পড়েন সার্বিফাই টেক সলিউশনস বিডির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান সৈকত।
১২ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদ (২০২৬–২০২৮) সাধারণ পরিচালক পদের পাঁচ জন নির্বাচনের মাধ্যমে যুক্ত হওয়ার পাশাপাশি সভাপতি, সাধারণ সম্পাদকসহ শীর্ষ সাতটি পদে প্রার্থীরা আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। এই নির্বাচনের ফলে ২০২৬–২০২৮ মেয়াদের পূর্ণাঙ্গ ১২ সদস্যের কমিটি চূড়ান্ত হলো।
এদিন নির্বাচন বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন নেক্সট অনলাইন লিমিটেডের পরিচালক (অপারেশনস) হাবিবুল হক এবং টেক পয়েন্ট বিপিওর প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল ইসলাম।
বাক্কো’র ২০২৬–২০২৮ মেয়াদের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদ
- সভাপতি: ফয়সল আলিম (ব্যবস্থাপনা পরিচালক, উইনটেল লিমিটেড)
- সিনিয়র সহসভাপতি: সৈয়দ সোহায়েল রেজা (ব্যবস্থাপনা পরিচালক, এডিএন ডিজিনেট)
- সহসভাপতি: আব্দুল কাদের (ব্যবস্থাপনা পরিচালক, উইজডম ভ্যালি)
- সাধারণ সম্পাদক: নাহিদ হোসেন (ব্যবস্থাপনা পরিচালক ও সিটিও, ব্রোটেকস টেকনোলজিস)
- যুগ্ম সাধারণ সম্পাদক: সায়মা শওকত (ব্যবস্থাপনা পরিচালক, এএসকে টেলিকম)
- অর্থ সম্পাদক: খন্দকার আতিকুর রহমান (ব্যবস্থাপনা পরিচালক, রিকম কনসালটিং)
- পরিচালক (অ্যাসোসিয়েট মেম্বার ক্যাটাগরি): মো. একরামুল হায়দার (প্রধান নির্বাহী কর্মকর্তা, আলফা নেট)
- সাধারণ পরিচালকরা: মোস্তফা জামাল ইউসুফ, এস এম মসিউর রহমান, ফয়সাল সালাম, মোহাম্মদ সাইফুল ইসলাম এবং আশিকুর রহমান।