Saturday 31 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পণ্য উৎপাদনে ব্যয় হ্রাস ও মান উন্নয়নে তিনদিনব্যাপী ‘লিন সিক্স সিগমা’ প্রশিক্ষণ

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৬ ১৮:৩৪

– ছবি : সংগৃহীত

ঢাকা: শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি, পরিচালন ব্যয় কমানো এবং পণ্য ও সেবার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে দুই দিনব্যাপী ‘লিন সিক্স সিগমা’ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

বাংলাদেশ-জাপান ট্রেনিং ইনস্টিটিউট (বিজেটিআই)-এর উদ্যোগে শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর ঢাকার বাংলামোটরে নাসির ট্রেড সেন্টারে এ প্রশিক্ষণ শুরু হয়েছে। চলবে আগামী রোববার পর্যন্ত। এ প্রশিক্ষণ পরিচালনা করছেন ভারতের প্রশিক্ষক ড. অঙ্কুর চতুর্বেদী। এতে শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রমে দক্ষতা বাড়ানো, প্রক্রিয়াগত ত্রুটি শনাক্ত ও কমানো, অপচয় রোধ এবং পণ্য ও সেবার মান নিশ্চিত করার বিভিন্ন কৌশল ও পদ্ধতি শেখানো হচ্ছে।

বিজ্ঞাপন

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেটিআই’র চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জাওয়াহেরুল গনি, পরিচালক আবু নাঈম মো. শাহজাহান, ড. একেএম মোয়াজ্জেম হোসেন ও বাংলাদেশ এওটিএস অ্যালামনাই সোসাইটির (বিএএএস) সেক্রেটারি জেনারেল শেখ নিজাম উদ্দিন আহমেদ।

আয়োজকেরা জানান, লিন সিক্স সিগমা একটি ব্যবস্থাপনা পদ্ধতি, যার মাধ্যমে প্রতিষ্ঠানের কাজের প্রক্রিয়া বিশ্লেষণ করে অপ্রয়োজনীয় ধাপ ও অপচয় কমানো এবং ত্রুটির পরিমাণ নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দেওয়া হয়। এর প্রয়োগে উৎপাদন ও সেবার কার্যক্রমে দক্ষতা বাড়ানোর পাশাপাশি ব্যয় কমানো এবং গুণগত মান উন্নয়ন সম্ভব।

বিজেটিআই কর্তৃপক্ষ আশা করছে, প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা লিন সিক্স সিগমার ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা অর্জন করবেন। পরে নিজ নিজ প্রতিষ্ঠানে এসব কৌশল প্রয়োগের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি, পরিচালন ব্যয় হ্রাস, কাজের মান উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখতে পারবেন।