মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটের হারের পর নতুন আরেক ধাক্কা বাংলাদেশের জন্য। মাথায় আঘাত পেয়ে কনকাশন বদলি হওয়া মুমিনুল হককে সিলেট টেস্টে পাওয়ার সম্ভাবনা দেখছেন না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে শান্ত জানিয়েছেন, আঙুলের চোট কাটিয়ে দলে ফিরছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।
শনিবার (৩১ অক্টোবর) মিরপুর টেস্ট শেষে সংবাদ সম্মেলনে মুমিনুলের খেলার সম্ভাবনা নিয়ে শান্ত বলেন, ‘মুমিনুল ভাই—আমার মনে হয় না উনি সেকেন্ড টেস্ট খেলতে পারবে, কঠিন। যতটুকু নিয়ম অনুযায়ী উনি পারবে না। এটাও উনি জানতেন এবং ওই সময় মেডিকেল বিভাগ নিয়েছে, উনার সঙ্গে কথা বলেছেন। এটা আসলে পুরোটাই মেডিকেল ইস্যু।’
মিরপুর টেস্টের তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে শর্ট লেগে ফিল্ডিং করার সময় ক্যাচ নিতে গিয়ে মাথায় বলের আঘাত পান মুমিনুল। পরে কনকাশনের লক্ষণ দেখা দেওয়ায় ম্যাচের বাকি অংশের জন্য তাঁকে সরিয়ে জাকের আলী অনিককে বদলি হিসেবে খেলানো হয়। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করেন জাকের।
আগামী ৫ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। মুমিনুল কনকাশন বদলি হয়েছেন ৩০ অক্টোবর। এদিকে, কনকাশন সাব হওয়ার পর সাধারণত সাত দিনের মধ্যে খেলার অনুমতি পান না ক্রিকেটাররা। সেক্ষেত্রে সিলেটে মুমিনুলের না খেলার সম্ভবনা দেখছেন নাজমুল হোসেন শান্ত।
মুমিনুলকে নিয়ে অনিশ্চয়তার মধ্যেই মুশফিকের ফেরার খবর দিয়েছেন শান্ত। আঙুলের চোটের কারণে মিরপুর টেস্টে খেলতে পারেননি অভিজ্ঞ এই ব্যাটার। দ্বিতীয় টেস্টে তাঁকে পাওয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক। শান্তর ভাষায়, ‘মুশফিক ভাই অ্যাভেইলেবল হয়ে যাবেন।’
মিরপুরে হেরে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। সিলেটে সিরিজে সমতা ফেরাতে হলে জয়ের বিকল্প নেই স্বাগতিকদের সামনে।