সাতক্ষীরা: খুলনায় জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচি শেষে সাতক্ষীরায় ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে একজন পথচারী নিহত ও অন্তত ৫৫ জন আহত হয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) রাতে সাতক্ষীরার পাটকেলঘাটা বাজার মোড় সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, লংমার্চ শেষে সাতক্ষীরাগামী বাসটি (সিলেট-জ ১১-০৬৯০) পাটকেলঘাটা বাজার মোড় অতিক্রম করার সময় হঠাৎ এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি রাস্তায় চলে আসেন। চালক তাকে রক্ষা করার চেষ্টা করলে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই বাসচাপায় ওই পথচারীর মৃত্যু হয়।
নিহত ব্যক্তির নাম আব্দুল খালেক। তার বাড়ি পাটকেলঘাটা থানার কাশিয়াডাঙ্গা গ্রামে।
এসময় বাসটিতে থাকা জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকরা আহত হন। আহতদের অধিকাংশের বাড়ি সাতক্ষীরার ঘোনা এলাকায় বলে জানা গেছে।
এসময় ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছান সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এবং সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ শহিদুল ইসলাম মকুলসহ জেলা ও স্থানীয় জামায়াতের শীর্ষ নেতারা। তারা উদ্ধার কাজের সার্বিক তদারকি করেন এবং আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।
এসময় সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক জানান, বাসটিতে লংমার্চে অংশগ্রহণকারী আনুমানিক ৫১ থেকে ৬২ জন যাত্রী ছিলেন। আহত সবাইকে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। তবে বাসের নিচে আর কেউ চাপা পড়ে আছে কি না, তা বাসটি পুকুর থেকে উদ্ধার করার পর নিশ্চিত হওয়া যাবে।
বর্তমানে দুর্ঘটনাকবলিত পরিবহনটি উদ্ধারে কাজ চলছে এবং আহতদের চিকিৎসা নিশ্চিতে জেলা ও স্থানীয় জামায়াতের নেতাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে।