Sunday 01 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দীপু মনি-ইনু-টুকুসহ ট্রাইব্যুনালে ৯ আসামি, ভার্চুয়ালি থাকবেন জিয়াউল

স্টাফ করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২৬ ১৩:৩০

– সংগৃহীত ফাইল ছবি

ঢাকা: রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত সহিংসতার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী দীপু মনিসহ ৯ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তবে নিরাপত্তাজনিত কারণে মামলার আরেক আসামি মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান ভার্চুয়ালি আদালতে উপস্থিত থাকবেন।

রোববার (১ নভেম্বর) সকালে কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের ট্রাইব্যুনালে আনা হয়। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

ট্রাইব্যুনালে হাজির করা অন্য আসামিরা হলেন- জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, পুলিশের সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাংবাদিক ফারজানা রুপা।

অসুস্থতার কারণে সাবেক আইজিপি একেএম শহীদুল হক-কে এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়নি।

এর আগে গত ৭ অক্টোবর এ মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। তবে আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি পিছিয়ে ১ নভেম্বর নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।

মামলার নথি অনুযায়ী, গত ৩ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন ট্রাইব্যুনাল-২। আসামিদের স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় খোঁজ করেও তাঁদের সন্ধান পাওয়া যায়নি বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রসিকিউশনের কাছে নন-এক্সিকিউশন রিপোর্ট (এনইআর) জমা দেয়।

পরে ১৬ সেপ্টেম্বর আত্মসমর্পণ না করায় ওই ৩০ আসামিকে পলাতক বিবেচনা করে তাদের পক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

মামলায় শেখ হাসিনাসহ পলাতক আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও মাহবুবউল আলম হানিফ, সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ পুলিশের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রসিকিউশনের আনা অভিযোগে দুটি ঘটনা অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনা উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় অভিযোগে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনসহ দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ডের ঘটনা আনা হয়েছে।

এর আগে চলতি বছরের ২৭ জুলাই ৪১ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর