ঢাকা: মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মালিকানাধীন ‘মুন কমপ্লেক্স’র যথাযথ ব্যবস্থাপনা, আধুনিকায়ন ও উন্নয়ন কার্যক্রম তদারকির পাশাপাশি আয় বাড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
রোববার (১ নভেম্বর) মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মালিকানাধীন ঢাকার পাটুয়াটুলীর ঐতিহ্যবাহী ‘মুন কমপ্লেক্স’ পরিদর্শন করে এরকম নির্দেশনা দেন তিনি।
পরিদর্শনকালে আহমেদ আযম খান সম্পত্তিটির সার্বিক ব্যবস্থাপনা ও উন্নয়ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং ট্রাস্টের সম্পদের সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য এবং মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড ও নির্বাহী বোর্ডের সদস্য মো. ইশরাক হোসেন। এ ছাড়া, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্পদের যথাযথ ব্যবস্থাপনা ও আয় বৃদ্ধির মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে ট্রাস্টের কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সম্পত্তির উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম জোরদারে সরকারের তদারকি অব্যাহত থাকবে।