ঢাকা: রাজধানীর মিরপুর ১০ ও ১১ নম্বরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও পালটাপালটি ধাওয়ার ঘটনার পর বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। স্বাভাবিক হতে শুরু করেছে আশপাশের এলাকার যানচলাচল। সে সঙ্গে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
এদিন, সকালে ন্যূনতম মজুরি ৩০ হাজার করাসহ বিভিন্ন দাবিতে পোশাক শ্রমিকরা মিরপুরের ১০ ও ১১ নম্বরসহ আশপাশের এলাকায় প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উত্তেজনার সৃষ্টি হয়। শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও লাঠিচার্জ করে। এসময় পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা।
এদিকে, সংঘর্ষের কারণে মিরপুর ১০, ১১ ও ১২ নম্বর সড়ক এবং আশপাশের প্রধান পথগুলোতে দীর্ঘ সময় যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী ও পথচারী।
মিরপুর ট্রাফিক বিভাগ জানিয়েছে, সড়ক থেকে বিক্ষোভকারীরা সরে যাওয়ার পর ট্রাফিক পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যানবাহন চলাচল সচল করে। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার রাখা হয়েছে।