Sunday 01 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিষিদ্ধ রাসায়নিকে পাকানো ১২ হাজার কলা ধ্বংস, সাড়ে ৭ লাখ জরিমানা

স্পেশাল করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২৬ ২২:৩০ | আপডেট: ১ নভেম্বর ২০২৬ ২২:২০

ঢাকা: পাবনার একটি গোয়ালঘরে নিষিদ্ধ রাসায়নিক প্রয়োগ করে অপরিপক্ব কলা পাকানোর কারবার শনাক্ত করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানে রাসায়নিক প্রয়োগ করা প্রায় ১২ হাজার কলা জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। একই দিনে দেশব্যাপী বিশেষ অভিযানে ২৭ জেলার ৭২টি প্রতিষ্ঠানকে মোট ৭ লাখ ৬৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) ঢাকা মহানগরসহ দেশের ২৭ জেলায় অধিদপ্তরের ৪০টি তদারকি দল একযোগে এ অভিযান পরিচালনা করে।

অধিদফতর জানায়, নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখা, স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং নিরাপদ খাদ্যপ্রাপ্তির অধিকার সুরক্ষায় এ অভিযান চালানো হয়। এ সময় অতিরিক্ত দামে পণ্য বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন না করা, ওজন ও পরিমাপে কারচুপি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং নকল-ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

বিজ্ঞাপন

অভিযানে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ঘটে পাবনার মালিগাছা ইউনিয়নের রাখালগাছি এলাকায়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনির নেতৃত্বে একটি গোয়ালঘরে অভিযান চালানো হয়। সেখানে অপরিপক্ব কলায় নিষিদ্ধ রাসায়নিক প্রয়োগ করে মাত্র ২৪ ঘণ্টায় হলুদ রং ধারণ করিয়ে বাজারজাত করার প্রক্রিয়া শনাক্ত করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি রাসায়নিক প্রয়োগ করা প্রায় ১২ হাজার কলা স্থানীয়দের সহযোগিতায় জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযানকালে ব্যবসায়ীদের কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মজুদ এবং নির্ধারিত মূল্যের বেশি দামে পণ্য বিক্রি না করার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে মূল্যতালিকা প্রদর্শন, সঠিক ওজন নিশ্চিত করা এবং হোটেল-রেস্তোরাঁয় স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার বিষয়ে সতর্ক করা হয়।

ভোক্তাদের পণ্য কেনার আগে মূল্য, এমআরপি ও মেয়াদ যাচাই এবং ক্রয় রসিদ সংগ্রহের পরামর্শ দিয়েছে অধিদফতর। যেকোনো অনিয়মের অভিযোগ জানাতে হটলাইন ১৬১২১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

বাজারে ন্যায্যমূল্য ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদফতর।