ঢাকা: ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান, এমপি’র সভাপতিত্বে সোমবার (২ নভেম্বর) ভূমি ভবন পরিদর্শন করেছেন সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা। পরিদর্শনকালে কমিটির সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন এমপি, সুলতানা আহমেদ এমপি ও মুহাম্মদুল্লাহ এমপি উপস্থিত ছিলেন।
পরিদর্শনের সময় ভূমি মন্ত্রণালয়ের সচিব, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালকসহ অন্যান্য কর্মকর্তারা বিস্তারিত বিবরণ উপস্থাপন করেন।
ভূমি অফিস ও ভূমি রেজিষ্ট্রি অফিস এবং উপজেলা সেটেলমেন্ট অফিস ইলেকট্রনিক্যালি যুগপদভাবে কাজ করছে, ভূমি সংক্রান্ত সকল ধরণের হালনাগাদ তথ্য পাওয়া যাচ্ছে মর্মে মন্ত্রণালয়ের পক্ষ হতে জানানো হয়।
ভূমি সংক্রান্ত সেবা- রেকর্ড সংশোধন, রেকর্ড হালনাগাদকরণ, ই-নামজারি, জমাভাগ ও জমা একত্রিকরণ রেকর্ড সার্টিফিকেট মামলা, ভূমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন কর, রেন্ট সার্টিফিকেট মামলা ইত্যাদি কার্যক্রমকে আরো গতিশীল করার সুপারিশ করা হয়।
এসময় সভাপতি একটি সমন্বিত ভূমি ব্যবস্থাপনা চালু করার কথা ব্যক্ত করেন। ভূমি ব্যবস্থাপনায় চলমান অটোমেশন সফটওয়্যার প্রয়োগের মাধ্যমে ভূমি সংক্রান্ত সকল অফিসের গতিশীলতা ও স্বচ্ছতা বৃদ্ধির কার্যক্রম অব্যাহত রাখার পরামর্শ দেন।
এছাড়া তথ্য প্রযুক্তির প্রসার ঘটিয়ে ভূমি জরিপ ও রেকর্ড ব্যবস্থাপনাকে ডিজিটাইজ করার মাধ্যমে ত্রুটিমুক্ত, জনবান্ধব, টেকসই এবং জনকল্যাণমুখী আধুনিক ভূমি জরিপ ও প্রশাসন ব্যবস্থা গড়ে তোলার সুপারিশ করে কমিটি।
কমিটির পক্ষ হতে আন্তর্জাতিক সীমানা নির্ধারণের ক্ষেত্রে অনিষ্পন্ন সীমানা নিষ্পন্নকরণ এবং ট্রাভর্স ও প্রস্তুতিমূলক কার্যাদি, ম্যাপ প্রস্তুত, কিস্তোয়ার সীমানা বিরোধ নিষ্পত্তির মাধ্যমে চূড়ান্ত নকশা ও খতিয়ান মুদ্রণের সুপারিশ করা হয়।
বৈঠকে ভূমি মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর সংস্থাসমূহের প্রধানরাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ৷