ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগে বাসের ধাক্কায় আমিরুল ইসলাম (৪০) নামে মোটরসাইকেলের এক চালক নিহত হয়েছেন।
সোমবার (২ নভেম্বর) বেলা দেড়টার দিকে রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচে ঘটনাটি ঘটে। পরে আহত অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক বেলা সোয়া ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
ওই ব্যক্তির কাছে থাকা জাতিয় পরিচয়পত্র থেকে নাম ঠিকানা জানা গেছে। নিহত ব্যক্তি আমিরুল ইসলামের (৪০) বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার চরপাড়া গ্রামে। বাবার নাম মো. ইউসুফ আলী, বর্তমানে শ্যামপুর ফরিদাবাদ এলাকায় থাকতেন তিনি।
পথচারী ইমরান ফকির জানান, দুপুরে ওই ব্যক্তি রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় হানিফ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পরে আহত হন ওই ব্যক্তি। দেখতে পেয়ে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের জরুরি বিভগে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় আহত হন। পরে পথচারীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে মারা যায়। ঘটনার পর পর স্থানীয় জনগণ বাসটি জব্দ করে। তবে বাসের চালক পালিয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।