ঢাকা: বিমানবন্দরে হট্টগোলের ঘটনায় করা মামলায় সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত। জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে এ আদেশ দেওয়া হয়।
সোমবার (২ নভেম্বর) সুপ্রিম কোর্টের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার জজ আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আখতারুজ্জামানের আইনজীবী মুহাম্মদ শিশির মনির।
এর আগে রোববার (১ নভেম্বর) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ আখতারুজ্জামানকে জামিন দেন।
হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে সোমবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করে রাষ্ট্রপক্ষ। পরে চেম্বার আদালতে আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন আদালত।
মামলার নথি অনুযায়ী, গত ২ অক্টোবর বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএস এলাকার বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরদিন জিজ্ঞাসাবাদের জন্য আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ৪ অক্টোবর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। একই দিন তার জামিন আবেদনও নামঞ্জুর করেন আদালত।
পরে ২৬ অক্টোবর ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৫-এর বিচারক মো. সাদেকীন হাবিব বাপ্পী তার জামিন আবেদন খারিজ করেন। এরপর জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন আখতারুজ্জামান। শুনানি শেষে উচ্চ আদালত তাকে জামিন দেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ১ অক্টোবর বিমানবন্দরে অব্যবস্থাপনা, লাগেজ ট্রলির সংকট, লাগেজ পেতে বিলম্ব এবং জমজমের পানি না পাওয়াকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে পরিস্থিতি হুমকি-ধমকিতে গড়ায়। পরে বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়।