Tuesday 03 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নাইট্রোজেন গ্যাসে কি গাড়ির মাইলেজ বাড়ে?

সারাবাংলা ডেস্ক
৩ নভেম্বর ২০২৬ ১৯:৫৮

গাড়ি কিংবা বাইক নিয়ে রাস্তায় বের হওয়ার আগে টায়ারে হাওয়া চেক করা আমাদের নিত্যদিনের রুটিন। তবে সাম্প্রতিক সময়ে পেট্রোল পাম্পগুলোতে সাধারণ বাতাসের পরিবর্তে ‘নাইট্রোজেন গ্যাস’ ভরার হিড়িক বেশ লক্ষ্য করা যাচ্ছে। অনেকেরই ধারণা, নাইট্রোজেন ব্যবহার করলে বুঝি গাড়ির মাইলেজ রকেটের গতিতে বেড়ে যায় এবং বারবার হাওয়া দেওয়ার ঝামেলাও চুকে যায়। কিন্তু পকেটের অতিরিক্ত টাকা খরচ করে নাইট্রোজেন গ্যাস নেয়া কি আদতে বুদ্ধিমানের কাজ, নাকি স্রেফ একটি মার্কেটিং কৌশল?

আসুন জেনে নেই চলুন…

সাধারণ বাতাস বনাম নাইট্রোজেন গ্যাস

সাধারণ বাতাসে এমনিতেই প্রায় ৭৮ শতাংশ নাইট্রোজেন ও ২১ শতাংশ অক্সিজেন থাকে। অন্যদিকে, টায়ারে ব্যবহৃত নাইট্রোজেন গ্যাসটি কিছুটা বেশি বিশুদ্ধ ও আর্দ্রতাহীন হয়। তবে শুধু বিশুদ্ধ নাইট্রোজেন ভরলেই যে হঠাৎ করে মাইলেজ বা টায়ারের আয়ু বহুগুণ বেড়ে যাবে-বিষয়টি পুরোপুরি সঠিক নয়।

বিজ্ঞাপন

নাইট্রোজেন গ্যাসের মূল সুবিধাগুলো কী কী?

দীর্ঘস্থায়ী প্রেশার: নাইট্রোজেনের অণুগুলো আকারে কিছুটা বড় হওয়ায় এগুলো টায়ার থেকে খুব ধীরে বের হয়। ফলে দীর্ঘ সময় টায়ারের প্রেশার স্থিতিশীল থাকে।

রিম সুরক্ষিত থাকে: নাইট্রোজেনে কোনো আর্দ্রতা বা জলীয় বাষ্প না থাকায় টায়ারের ভেতরের রিম বা মেটালের মরিচা পড়ার সম্ভাবনা কমে যায়।

বিশেষ ক্ষেত্রে কার্যকর: উচ্চ গতির রেসিং কার, বিমান কিংবা অতিরিক্ত উত্তপ্ত হওয়া ভারী যানবাহনের ক্ষেত্রে নাইট্রোজেন গ্যাস অত্যন্ত কার্যকর।

মাইলেজে-এর আসল প্রভাব কতটুকু?

সাধারণ রাস্তায় প্রতিদিন চলাচলকারী বাইক বা গাড়ির ক্ষেত্রে নাইট্রোজেনের সুবিধা তুলনামূলকভাবে বেশ সীমিত। কেবল নাইট্রোজেন ভরলেই গাড়ির মাইলেজ বাড়ে, এমন সরাসরি কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।

মূল বিষয়টি হলো সঠিক টায়ার প্রেশার বা বায়ুর চাপ। টায়ারে হাওয়া কম থাকলে রাস্তার সঙ্গে ঘর্ষণ (Rolling Resistance) বাড়ে, ফলে ইঞ্জিনকে অতিরিক্ত শক্তি প্রয়োগ করতে হয় এবং জ্বালানি খরচও বেড়ে যায়। টায়ারে প্রেশার সঠিক থাকলে সাধারণ হাওয়াতেও সমান মাইলেজ পাওয়া সম্ভব।

প্রতিদিনের ব্যবহারের জন্য কোনটি সেরা?

সাধারণ বাতাস: প্রতিদিনের যাতায়াত বা শহরের রাস্তায় চলা বাইক ও গাড়ির জন্য সাধারণ বাতাসই সম্পূর্ণ উপযুক্ত। এটি যেকোনো পেট্রোল পাম্প বা গ্যারেজে খুব সহজে এবং প্রায় বিনামূল্যে পাওয়া যায়।

নাইট্রোজেন গ্যাস: এটি ভরতে অতিরিক্ত অর্থ খরচ করতে হয় এবং সব জায়গায় এটি সহজে পাওয়াও যায় না।

বিশেষ দ্রষ্টব্য: জরুরি প্রয়োজনে নাইট্রোজেন ভরা টায়ারে সাধারণ বাতাস মেশালেও কোনো ক্ষতি হয় না।

দোকানদারের কথায় বিভ্রান্ত হয়ে অযথা বাড়তি টাকা খরচ করে নাইট্রোজেন গ্যাস নেওয়ার কোনো প্রয়োজন নেই। গাড়ি বা বাইক থেকে সেরা মাইলেজ এবং টায়ারের দীর্ঘায়ু পেতে সবচেয়ে জরুরি হলো, কোম্পানির নির্দেশিত সঠিক প্রেশার বজায় রাখা এবং অন্তত সপ্তাহে বা ১০ দিনে একবার নিয়মিত হাওয়া চেক করা। সাধারণ বাতাসেই আপনার বাহন চলবে দারুণ ছন্দে!

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর