Wednesday 04 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রধানমন্ত্রীর সফর ঘিরে খুলনায় উৎসবের আমেজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৬ ১০:৫৪ | আপডেট: ৪ নভেম্বর ২০২৬ ১২:০৬

খুলনা: সরকার গঠনের পর প্রথমবারের মতো আগামীকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনায় সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে জেলা ও মহানগরীতে উৎসবের আমেজ বিরাজ করছে।

সূত্রে জানা গেছে, খুলনা মহানগর ও জেলা বিএনপি যৌথভাবে সর্বকালের সর্ববৃহৎ ও স্মরণকালের সেরা সংবর্ধনা দেওয়ার সার্বিক পরিকল্পনা গ্রহণ করেছে। খুলনার রূপসা উপজেলার কুদির বটতলা থেকে শুরু করে রূপসা বাইপাস সড়ক হয়ে শেরে বাংলা রোড দিয়ে পাওয়ার হাউজ মোড় ঘুরে জেলা স্টেডিয়াম পর্যন্ত সুদীর্ঘ সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে, অত্যন্ত সুশৃঙ্খল ও মার্জিত পরিবেশে অবস্থান নেবেন খুলনাঞ্চলের লাখো নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে নগরীর নতুন রেলস্টেশন, জেলা প্রশাসক কার্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়কের দেয়ালে আঁকা হচ্ছে বর্ণিল গ্রাফিতি। এসব চিত্রকর্মে ফুটিয়ে তোলা হয়েছে দেশের ইতিহাস, ঐতিহ্য, শিল্প-সংস্কৃতি ও বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি। খুলনা জেলা স্টেডিয়ামের দেয়ালে স্থান পেয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, কবি কাজী নজরুল ইসলাম, শিল্পী এস এম সুলতান, বাংলাদেশের ক্রিকেটার এবং সুন্দরবনের জীববৈচিত্র্য। পাশাপাশি তুলে ধরা হয়েছে জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির ঐতিহাসিক চিত্র। দেয়ালে শোভা পাচ্ছে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান।

প্রধানমন্ত্রীর এই সফর ও উদ্বোধন প্রসঙ্গে আরও জানা যায়, ওই দিন খুলনা জেলা স্টেডিয়াম থেকে একযোগে দেশের ৫০৩টি উপজেলায় এই প্রতিযোগিতার উদ্বোধন করা হবে। দ্বিতীয় আসরে অংশগ্রহণের জন্য ইতোমধ্যে দেশের প্রায় ১৬ লাখ ২৩ হাজার তরুণ-তরুণী রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন (প্রথম আসরে এই সংখ্যা ছিল ১ লাখ ৬৮ হাজার)। নিবন্ধিত প্রতিযোগীদের মধ্য থেকে ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে দল গঠন করা হয়েছে, যার মাধ্যমে প্রায় ১৪ লাখ ক্রীড়াবিদ এই বিশাল ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজনে অংশ নিচ্ছেন।

সফরকালে প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছাবেন। সেখানে মোংলা বন্দর কর্তৃপক্ষের আয়োজনে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ এবং চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশনের মধ্যকার সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তিনি।

এরপর তিনি সড়কপথে বাগেরহাটের ঐতিহাসিক হযরত খানজাহান আলী (র.)-এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওয়ানা দেবেন। জিয়ারত শেষে দুপুরে সড়কপথে খুলনা সার্কিট হাউজে পৌঁছাবেন এবং সেখানে কিছু সময় বিশ্রাম নেবেন।

বিকাল ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিকেল সাড়ে ৪টায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করার কথা রয়েছে তার।

খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন বলেন, কুদির বটতলা থেকে শুরু করে রূপসা বাইপাস হয়ে জেলা স্টেডিয়ামমুখী পুরো পথজুড়ে খুলনাবাসীর যে পুষ্পবৃষ্টি ও অভিনন্দনের জোয়ার বইবে, তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। শৃঙ্খলা রক্ষা ও যাতায়াত নির্বিঘ্ন রাখতে সব ধরনের সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল বলেন, শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভার বিকাশ এবং তৃণমূল পর্যায় থেকে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তুলতে আগামীকাল খুলনায় শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসর। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করবেন।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর