Wednesday 04 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিম্নতম মজুরি বোর্ডে নতুন চেয়ারম্যান বিচারক আজাদ সুবহানী

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৬ ১২:০৫

ঢাকা: নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) শেখ আশফাকুর রহমানকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন পিরোজপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) সৈয়দ আজাদ সুবহানী।

বুধবার (৪ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) পদে বদলি করা হয়। একই আদেশে নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান করা হয়েছে জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীকে। তবে আশফাকুর রহমানকে সরানোর কোনো কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।

বিজ্ঞাপন

রাষ্ট্রপতির আদেশক্রমে এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়। আদেশে অবিলম্বে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে বদলি করা কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

পোশাকশ্রমিকদের আন্দোলনের মধ্যে গঠন করা মজুরি বোর্ডের চেয়ারম্যানও ছিলেন আশফাকুর রহমান। বুধবার পোশাক শ্রমিকদের বেতন বাড়াতে গঠিত মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে, গত ১ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি বাড়াতে নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে সরকার। ওই দিন জারি করা প্রজ্ঞাপনে নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ এবং মালিক ও শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে নিয়োগ দেওয়া হয়।

একই দিন আরেকটি প্রজ্ঞাপনে তৈরি পোশাকশিল্পের জন্য গঠিত নিম্নতম মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতারকে নিয়োগ দেয়া হয়।

সারাবাংলা/এনএল/এনজে 
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর