ঢাকা: পোশাকশ্রমিকদের ন্যায্য পাওনা নিয়ে সিদ্ধান্তে বিলম্ব হলে তৈরি পোশাক খাতে ক্ষতি দিন দিন বাড়তেই থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ‘শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে’ উল্লেখ করে পোশাকশ্রমিকদের বকেয়া ও যুক্তিসংগত দাবিদাওয়া মেটাতে দ্রুত সিদ্ধান্ত নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে দেওয়া এক ভিডিও বার্তায় জামায়াত আমির চলমান শ্রমিক অসন্তোষ ও পোশাকখাতের নানা সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
তিনি জানান, নিত্যপণ্যের অব্যাহত মূল্যবৃদ্ধির কারণে স্বল্প বেতনে শ্রমিকদের জীবনধারণ করা অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। সব পক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত বেতন কাঠামো পুনর্বিন্যাস করা উচিত ছিল। এটি করতে যত দেরি হবে, সুযোগসন্ধানী গোষ্ঠী পরিস্থিতি ঘোলাটে করার এবং অপব্যবহারের তত বেশি সুযোগ পাবে। তাই সরকার ও সংশ্লিষ্ট সকলকে অবিলম্বে সতর্ক ও আন্তরিক ভূমিকা পালন করতে হবে।
সম্প্রতি গাজীপুরের শ্রীপুরে আন্দোলনরত পোশাকশ্রমিক তৌফিক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তিনি দ্রুত সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানান। তৈরি পোশাক খাতকে দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি বলে উল্লেখ করে তিনি সতর্ক করেন যে, এই খাতে বড়ো কোনো বিপর্যয় ঘটলে পুরো অর্থনীতিই সংকটে পড়বে।
আন্দোলনরত শ্রমিকদের সহিংসতা থেকে বিরত থেকে নিজেদের প্রতিষ্ঠান রক্ষার আহ্বানও জানান তিনি। একইসঙ্গে মালিকদের উদ্দেশ্য করে বলেন, ‘শ্রমিকদের নিজেদের পরিবারের সদস্য ভাবলে সঠিক ও মানবিক সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়ে যাবে।’
বক্তব্য শেষে নিহত শ্রমিক তৌফিকের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।