Wednesday 04 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইউপি নির্বাচন: ভোটার তালিকা ও সীমানা সংক্রান্ত আপডেট চেয়ে ইসির চিঠি

‎সিনিয়র করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৬ ২০:০৮

ঢাকা: ‎আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন উপযোগী ইউনিয়নগুলোর তালিকা নতুন করে পরিমার্জন ও যাচাইয়ে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তাদের চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। চিঠিতে কোনো ইউপির নাম বাদ পড়েছে কি না, কিংবা আইনি জটিলতা, সীমানা বিরোধ ও ভোটার তালিকা পুনর্বিন্যাস সংক্রান্ত কোনো সমস্যা আছে কি না, তা যাচাই করে প্রতিবেদন পাঠাতে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
‎
‎বুধবার (৪ নভেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন-এর সই করা এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। আগামী ৮ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় সংশোধন ও হালনাগাদ তথ্য নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-৩ শাখায় পাঠানোর তাগিদ দেওয়া হয়েছে।
‎
‎ওই চিঠিতে জানানো হয়, নির্বাচন কমিশনের প্রস্তুত করা তালিকার সাথে স্থানীয় সরকার বিভাগের তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। যদি কোনো সংশোধন বা নতুন কোনো তথ্য থাকে, তা নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে; আর যদি তালিকা সঠিক থাকে, তাও লিখিতভাবে নিশ্চিত করতে হবে।
‎
‎ইসির রোডম্যাপ অনুযায়ী, পাঁচ ধাপে ইউপি ভোট অনুষ্ঠিত হবে। প্রথম ধাপ ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপ ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপ ২৯ এপ্রিল, চতুর্থ ধাপ ১৩ মে এবং পঞ্চম ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
‎
‎উল্লেখ্য, দেশে মোট চার হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদের মধ্যে এ বছর তিন হাজার ৯৮১টি পরিষদ নির্বাচন উপযোগী হবে। আইনি মামলা ও সীমানা সংক্রান্ত জটিলতার কারণে বর্তমানে ১০৮টি ইউনিয়নে নির্বাচন স্থগিত রয়েছে, আর বাকি ইউপিগুলো ২০২৭ ও ২০২৮ সালের দিকে নির্বাচন উপযোগী হবে। এবারের ভোটে মোট ৪৬ হাজার ৩৯৭টি কেন্দ্রে দুই লাখ ১৫ হাজার ৭৩৯টি ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন