Thursday 05 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিলেট টেস্ট / শুরুর ধাক্কা কাটিয়ে এগুচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৬ ১৫:৩০

সিলেট টেস্টে আগে বোলিং করতে নেমে শুরুতেই ওয়েস্ট ইন্ডিজের তিন উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। তবে সেই ধাক্কা কাটিয়ে উঠে এগুচ্ছেন ক্যারিবিয়ানরা। প্রথম সেশনে আর উইকেট হারায়নি সফরকারীরা। দ্বিতীয় সেশনে বাংলাদেশ উইকেট পেয়েছে মাত্র ১টি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪ উইকেটে ২১৬ রান। সেঞ্চুরি করেছেন আমির জাঙ্গু। ১০১ রানে অপরাজিত ক্যারিবিয়ান ব্যাটার। তার সঙ্গে জাস্টিন গ্রেইভস ব্যাট করছেন ২১ রানে। এর আগে ৬১ রান করা কেভিন উইকহ্যামকে ফিরিয়েছেন হাসান মাহমুদ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সকালে বল হাতে আগুন ঝরিয়েছেন তাসকিন আহমেদ। বিশ্রামের কারণে মিরপুর টেস্টের একাদশে ছিলেন না। সিলেট টেস্টের একাদশে ফিরেই নতুন বলে দারুণ বোলিং করেছেন তাসকিন। তার সঙ্গে হাসান মাহমুদ তাল মিলালে ২৮ রানে ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট তুলে নেয় বাংলাদেশ।

বিজ্ঞাপন

তাসকিনের প্রথম শিকার ব্রেন্ডন কিং। ইনিংসের পঞ্চম ওভারে ফুল লেংথের বলটি ভেতরের দিকে সুইং করান তিনি। মিডউইকেট দিয়ে ফ্লিক করতে গিয়ে বলের গতিপথ বুঝতে পারেননি কিং। তাঁর ব্যাট ফাঁকি দিয়ে বল আঘাত হানে স্টাম্পে। ৯ রানেই থামে ক্যারিবীয় ওপেনারের ইনিংস।

এরপর উইকেটের দেখা পান অপর পেসার হাসান মাহমুদ। অফ স্টাম্পের বাইরে ব্যাক অব লেংথে করা তাঁর বলটি পিচে পড়ে দ্রুত ভেতরে ঢুকে যায়। কেভাম হজ বল ছেড়ে দিতে চেয়েছিলেন, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। সরাসরি আঘাত হানে মিডল স্টাম্পে। ২১ রানে দ্বিতীয় উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।

তাসকিনের দ্বিতীয় শিকার জশুয়া দা সিলভা। নিয়ন্ত্রিত লাইন-লেংথে ধারাবাহিক চাপ তৈরি করে শেষ পর্যন্ত তাঁকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন বাংলাদেশের এই পেসার। ১২ রান করে ফিরেছেন দা সিলভা। ২৮ রানে তৃতীয় উইকেট হারায় সফরকারীরা।

অবশ্য শুরুতেই উইকেট পাওয়ার সুযোগ তৈরি করেছিলেন হাসান। টেস্টে নিজের প্রথম ওভারেই জশুয়া দা সিলভার ব্যাটের কানায় লেগে স্লিপে ক্যাচ যায়। কিন্তু সাদমান ইসলাম সেটি তালুবন্দী করতে পারেননি।

তবে শুরুতে তিন উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ। কেভিন উইকহ্যাম ও আমির জাঙ্গু চতুর্থ উইকেট জুটিতে দারুণ ব্যাটিং করেছেন। দুজনের জুটি ছিল ১৩১ রানের। হাসান মাহমুদের দারুণ এক ডেলিভারিতে কেভিন উইকহ্যাম ফিরলে এই জুটি ভাঙে। ১৪৫ বলে ৫টি চারের সাহায্যে ৬১ রান করা আমির জাঙ্গুকে সরাসরি বোল্ড করেন হাসান। তারপর জাস্টিন গ্রেইভসকে নিয়ে এগুচ্ছেন আমির জাঙ্গু।

মিরপুরে সিরিজের প্রথম টেস্টে সুবিধা করতে পারেননি বাংলাদেশি স্পিনাররা। সিলেট টেস্টেও এখন পর্যন্ত সাফল্য আসেনি ঘূর্ণি বলে। তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান তিন স্পিনার মিলে এখন পর্যন্ত ৩৭ ওভার বোলিং করে উইকেটশূণ্য।

উল্লেখ্য, মিরপুর টেস্টে ৮ উইকেটে জিতে সিরিজে ১-০তে এগিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। সমতা ফিরতে হলে তাই সিলেটে জয়ের বিকল্প নেই বাংলাদেশের।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জশুয়া দা সিলভা, ব্র্যান্ডন কিং, কেভিন উইকহ্যাম, কেভাম হজ, আমির জাঙ্গু, রোস্টন চেজ (অধিনায়ক), জাস্টিন গ্রেইভস, জশুয়া বিশপ, শামার জোসেফ, জোমেল ওয়ারিকন ও জেডন সিলস।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর