Thursday 05 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশ-রাশিয়া বিজনেস ডায়ালগ / বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে পেমেন্ট কাঠামোকে সহজ করার তাগিদ

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৬ ২০:৩৪ | আপডেট: ৫ নভেম্বর ২০২৬ ২১:৫৩

– ছবি : সংগৃহীত

ঢাকা: বিদ্যমান বাণিজ্য বাধা দূর করে বিনিয়োগ এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চান বাংলাদেশ ও রাশিয়ার ব্যবসায়ীরা।

তাদের মতে, দু’দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। এই সুযোগকে কাজে লাগাতে পেমেন্ট কাঠামোকে সহজ করার তাগিদ দেন ব্যবসায়ী ও উদ্যোক্তারা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে এফবিসিসিআই’র মতিঝিল কার্যালয়ে অনুষ্ঠিত ‘বাংলাদেশ-রাশিয়া বিজনেস ডায়ালগ’ এ বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়।

দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যা্ন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল যৌথভাবে এই ডায়ালগের আয়োজন করে। এফবিসিসিআই’র প্রশাসক মো. ফজলুল হক এতে সভাপতিত্ব করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এফবিসিসিআই’র প্রশাসক মো. ফজলুল হক বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বাংলাদেশ ও রাশিয়া – উভয় দেশের জন্যই বাণিজ্য সম্প্রসারণের দারুণ সুযোগ রয়েছে। দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগে বড় কোনো বাধা নেই বললেই চলে, তবে ছোট-খাটো যেসব বাধা রয়েছে সেগুলো চিহ্নিত করে যৌথভাবে দূরীকরণের উদ্যোগ নিতে হবে।

অনুষ্ঠানে রাশিয়ান প্রতিনিধিদলের প্রধান ইলিয়া শেস্তাকভ বলেন, দক্ষিণ এশিয়ায় বাণিজ্য পরিমাণের দিক থেকে বাংলাদেশ রাশিয়ার অন্যতম শীর্ষ অংশীদার। রাশিয়া বাংলাদেশে কৃষি পণ্য, খাদ্য ও সারের সরবরাহ বৃদ্ধির পাশাপাশি জ্বালানি, তথ্যপ্রযুক্তি, সাইবার নিরাপত্তা ও ই-গভর্নেন্সে যৌথভাবে কাজ করতে আগ্রহী। তবে এই বাণিজ্য সম্ভাবনা কাজে লাগাতে একটি টেকসই দ্বিপক্ষীয় পেমেন্ট অবকাঠামো গড়ে তোলা অত্যন্ত জরুরি বলে তিনি মন্তব্য করেন।

রাশিয়া ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন বলেন, বাণিজ্য ও বিনিয়োগের চাহিদা পূরণ, রেগুলেটরি পদ্ধতি সহজীকরণ, লজিস্টিকস এবং বাজারে প্রবেশের ক্ষেত্রে বিদ্যমান বাধাগুলো দূর করা অত্যন্ত জরুরী। বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি শিক্ষা এবং মানবসম্পদ উন্নয়নে সহযোগিতার কথাও উল্লেখ করেন তিনি।

সংলাপ অনুষ্ঠানে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে এফবিসিসিআই ও ‘রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল’-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করা হয়। সমঝোতার স্মারকের মূল উদ্দেশ্য- উভয় দেশের ব্যবসায় উদ্যোগ, ব্যবসায় প্রতিষ্ঠান এবং সংস্থাগুলোর জন্য একটি অনুকূল ব্যবসায়িক পরিবেশ তৈরি করা। বাণিজ্য ও বিনিয়োগের নতুন সম্ভাবনা উন্মোচনে পরস্পরের মধ্যে হালনাগাদ তথ্য বিনিময় করা। একই সাথে, দুই দেশের কোম্পানিগুলোর অংশগ্রহণে যৌথ প্রকল্প বাস্তবায়ন, বাণিজ্য মেলা, প্রদর্শনী, বিজনেস মিশন ও বিনিয়োগ ফোরাম আয়োজনে উভয় পক্ষ যৌথভাবে কাজ করবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর