Friday 06 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নেত্রকোনা সীমান্তে ১৪ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৬ ১৪:৫৯ | আপডেট: ৬ নভেম্বর ২০২৬ ১৫:১৪

জব্দকৃত পণ্য।

নেত্রকোনা: নেত্রকোনা সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় কম্বল, কয়লা, গরু, বাঁশ, মদসহ বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব পণ্যের আনুমানিক মূল্য ১৪ লাখ ২৩ হাজার টাকা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর থেকে শুক্রবার (৬ নভেম্বর) সকাল পর্যন্ত সীমান্ত এলাকায় একাধিক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করেছে নেত্রকোনা ৩১ বিজিবি। নেত্রকোনা ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী শুক্রবার সকালে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, বৃহস্পতিবার দুপুরে ভরতপুর বিওপির একটি দল কালিকাপুর এলাকা থেকে ছয়টি ভারতীয় কম্বল জব্দ করে। একইদিন বিকেলে কচুগড়া বিওপির সদস্যরা বনবেড়া এলাকা থেকে আরও ১০টি কম্বল জব্দ করে। সন্ধ্যায় ভরতপুর এলাকা থেকে দুইটি ভারতীয় গরু জব্দ করা হয়। রাতে বিজয়পুর বিওপির সদস্যরা কমলাবাড়ী এলাকা থেকে ৪০টি ভারতীয় কম্বল জব্দ করে।

বিজ্ঞাপন

অপরদিকে, শুক্রবার ভোরে মাধুপাড়া বিওপির সদস্যরা খোজিগড়া এলাকা থেকে ৬০টি ভারতীয় কম্বল জব্দ করে। একই সময় ভবানীপুর বিওপির সদস্যরা সোমেশ্বরী নদী থেকে ৭ হাজার ৩৬০ কেজি ভারতীয় কয়লা ও ৫৪০টি বাঁশ উদ্ধার করে।

অন্যদিকে সিকদারপাড়া এলাকা থেকে সাতটি এবং বিজয়পুর বিওপির সদস্যরা কয়লারপোর্ট এলাকা থেকে ৪৪টি ভারতীয় কম্বল জব্দ করে। বিজয়পুর বিওপির আরেকটি দল জংখল এলাকা থেকে ২০০ কেজি বাংলাদেশি রসুন জব্দ করে।

শুক্রবার ভোরে বিজয়পুর বিওপির সদস্যরা সোমেশ্বরী নদী থেকে আরও ৮ হাজার কেজি ভারতীয় কয়লা ও তিনটি নৌকা জব্দ করে। এ ছাড়া বরুয়াকোনা বিওপির সদস্যরা ছোটো পাতলাবন এলাকা থেকে ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করে বিজিবি।

বিজিবি অধিনায়ক বলেন, ‘চোরাচালানের সঙ্গে জড়িতরা মালামাল রেখে দ্রুত পালিয়ে যায়। কম্বল, কয়লা, রসুন ও নৌকা নেত্রকোনা কাস্টমস কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। বাঁশ বিজয়পুর বনবিট কার্যালয়ে এবং মদ নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে জমা দেওয়া হবে। জব্দ করা গরু নিলাম করা হবে।’