Friday 06 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাসানের ৬ উইকেটের পর বাংলাদেশের ওপেনিংয়ে স্পিনার নাঈম হাসান

স্পোর্টস করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৬ ১৫:০৪

আবারও হাসান মাহমুদের আগুন ঝড়ানো বোলিং। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে একাই নিয়েছেন ৬ উইকেট। তাতে ক্যারিবিয়ানদের ৩৫৬ রানে গুটিয়ে দেওয়ার পর ওপেনিংয়ে স্পিনার নাঈম হাসানকে নামিয়েছে বাংলাদেশ। চোটের কারণে সাদমান ইসলাম ব্যাটিংয়ে নামতে পারেননি। তবে তার জায়গায় ওপেন করতে পাঠানো হয় স্পিনার নাঈমকে!

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল প্রথম দিনে আমির জাঙ্গুর সেঞ্চুরি ও কেভিন উইকহ্যামের ফিফটিতে ৭০ ওভারে ৪ উইকেটে ২৩৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিন সকালে নতুন বল হাতে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন হাসান। নিজের প্রথম ওভারেই টানা দুই বলে জাঙ্গু ও অধিনায়ক রোস্টন চেজকে ফিরিয়ে দেন তিনি। জাঙ্গুর ১৩৩ রানের ইনিংস থামে বোল্ড হয়ে, পরের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন চেজ।

বিজ্ঞাপন

পরের বলেই জশুয়া বিশপকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেছিলেন হাসান। আম্পায়ার আঙুল তুললেও রিভিউ নিয়ে বেঁচে যান ক্যারিবীয় ব্যাটার। বল ব্যাটের ভেতরের কানায় লেগে প্যাডে আঘাত করায় হাতছাড়া হয় হ্যাটট্রিক। তবে তাতে হাসানের দাপট থামেনি। পরে বিশপকে স্টাম্পিং করিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন তিনি। এরপর শামার জোসেফকে ফিরিয়ে নিজের উইকেট সংখ্যা ছয়ে নিয়ে যান বাংলাদেশের এই পেসার।

টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ইনিংসে ছয় উইকেট পেলেন হাসান। তাঁর বোলিংয়ে ভর করেই বড় সংগ্রহের পথে এগোতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দিনের ২৩৫ রানের সঙ্গে দ্বিতীয় দিনে আরও ১২১ রান যোগ করতেই শেষ ছয় উইকেট হারায় সফরকারীরা। শেষ পর্যন্ত ১০৬.৪ ওভারে ৩৫৬ রানে থামে ক্যারিবীয়দের প্রথম ইনিংস।

হাসান ৯০ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজের শিকার দুটি করে।

পরে বাংলাদেশের ইনিংস শুরু হয়েছে একটু ভিন্নভাবে। দ্বিতীয় দিনের প্রথম সেশনে বাউন্ডারি বাঁচাতে গিয়ে বাঁ পায়ের গোড়ালি মচকে মাঠ ছাড়তে হয় সাদমানকে। যন্ত্রণায় কাতর এই ওপেনারকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিতে দেখা যায়। পরে তাঁকে এমআরআই পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ফলে সাদমানের জায়গায় ইনিংসের সূচনা করার দায়িত্ব দেওয়া হয় স্পিনার নাঈম হাসানকে।

তানজিদ হাসান তামিমের সঙ্গে ওপেনিংয়ে নামেন নাঈম। দুজনের একজনও সফল হতে পারেননি। স্পিনার নাঈম ফিরেছেন মাত্র ৬ বল খেলে। মিরপুর টেস্টে ব্যর্থ তানজিদ হাসান তামিম রান পাননি সিলেট টেস্টের প্রথম ইনিংসেও। ফিরেছেন ৩৩ বলে ১৬ রান করে।

দ্বিতীয় দিনের চা বিরতির আগে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩৬ রান। ৮ উইকেট হাতে রেখে এখনো ৩২০ রানে পিছিয়ে বাংলাদেশ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর