ঢাকা: জুমার নামাজ শেষে একদল শিশু-কিশোরের সঙ্গে খেলাধুলা নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাদের পছন্দের খেলা সম্পর্কে জানতে চান তিনি। পাশাপাশি শিশু-কিশোরদের জন্য খেলার সামগ্রী দেওয়ার ব্যবস্থার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী।
শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর বনানীতে নৌবাহিনীর সদর দফতরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে শিশু-কিশোরদের সঙ্গে কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।
তিনি বলেন, জুমার নামাজ আদায়ের পর মসজিদের বাইরে কয়েকজন শিশু-কিশোরের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তাদের খোঁজখবর নেন এবং তারা কী ধরনের খেলাধুলা করে, তা জানতে চান।
শিশু-কিশোরদের কাছে প্রধানমন্ত্রী জানতে চান, তারা কোন খেলা পছন্দ করে এবং নিয়মিত খেলাধুলা করে কি না। এ সময় কেউ ফুটবল, কেউ ক্রিকেট খেলার কথা জানায়। প্রধানমন্ত্রী তাদের বাস্কেটবল ও টেবিল টেনিস খেলে কি না, সে বিষয়েও জানতে চান।
অতিরিক্ত প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের জন্য খেলার সামগ্রী দেওয়ার ব্যবস্থা করার আশ্বাস দেন। পরে তাদের সঙ্গে হাত মিলিয়ে ‘ওকে, সবাই ভালো থেকো’ বলে বিদায় নেন তিনি।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা জেলা স্টেডিয়ামে শিশু-কিশোরদের জন্য আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ (সিজন-২)-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।