যশোর: যশোরে পরকীয়া সম্পর্কের সন্দেহে শাহানারা খাতুন (২৫) নামে এক নারীকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী আতিয়ার রহমানের বিরুদ্ধে।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে যশোর সদর উপজেলার শানতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত আতিয়ার রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, আতিয়ার রহমান পেশায় একজন রাজমিস্ত্রি এবং মাদকাসক্ত। স্ত্রীর সঙ্গে অন্য পুরুষের বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন তিনি। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার সকালে শাহানারাকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করেন তিনি। ঘটনার পর পরিবারের সদস্যরা শাহানারাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে রায়হান জানান, বৃহস্পতিবার রাতেও তার বাবা-মায়ের মধ্যে তীব্র কথা কাটাকাটি হয়। সকালে আরেকবার কথা কাটাকাটির একপর্যায়ে বাবা ক্ষিপ্ত হয়ে মাকে মারধর করেন। পরে গামছা দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করেন।
স্থানীয় বাসিন্দা রিমা খাতুন বলেন, আতিয়ারের সঙ্গে তার স্ত্রীর ঝামেলা ছিল। শাহানারার সঙ্গে অন্য কারও পরকীয়া সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন আতিয়ার। এ নিয়ে তাদের মধ্যে বিচ্ছেদও হয়েছিল। পরে তাদের ছেলে বুঝিয়ে মাকে বাড়িতে ফিরিয়ে আনে। সকালে তিনি জানতে পারেন, শাহানারাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, ‘স্ত্রীর সঙ্গে অন্য পুরুষের বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে এমন সন্দেহ থেকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে শাহানারাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় অভিযুক্ত আতিয়ার রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’