Saturday 07 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২৬ ১০:০৭ | আপডেট: ৭ নভেম্বর ২০২৬ ১০:১১

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঢাকা: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে সমাধিস্থলে যান প্রধানমন্ত্রী। সেখানে প্রথমে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে বিএনপির পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, এজেডএম জাহিদ হোসেন, আমানউল্লাহ আমান ও ফরহাদ হালিম ডোনার, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান ও নুরুল ইসলাম মনি প্রমুখ।

বিজ্ঞাপন

এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম, সুলতান সালাহউদ্দিন টুকু, আশরাফউদ্দিন উজ্জ্বল, মীর সরাফত আলী সপু, হাবিবুর রশীদ হাবিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব এস এম জাহাঙ্গীরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে প্রয়াত নেতাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী ও নেতারা।

প্রধানমন্ত্রী সমাধিস্থল ত্যাগ করার পর সেখানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঢল নামে। একে একে বিএনপির মহানগর উত্তর ও দক্ষিণ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মুক্তিযোদ্ধা দল, মহিলা দল, ছাত্রদল, মৎস্যজীবী দল, তাঁতি দল, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স (অ্যাব) ও সম্মিলিত পেশাজীবী পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা আলাদাভাবে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করবে দলটি। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান র‍্যালির উদ্বোধন করবেন।

দিবসটি উপলক্ষ্যে ভোরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ ছাড়া জিয়াউর রহমানের আলোকচিত্র সংবলিত রঙিন পোস্টার প্রকাশ করেছে দলটি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর