ঢাকা: দেশে হাম ও হাম উপসর্গে চলতি নভেম্বরের এক সপ্তাহে ২৮ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৪৯ শিশু।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১ হাজার ৪৯ শিশুর মধ্যে নিশ্চিত হামে ৬১ শিশু এবং সন্দেহজনক হামে ৯৮৮ শিশু শনাক্ত হয়েছে।
এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ২ লাখ ৩৭ হাজার ৭০২ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ২৪ হাজার ৩৫৫ শিশু। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১১ হাজার ৮৬৫ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ২ লাখ ৩ হাজার ২৫৭ রোগী।
এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ১ হাজার ২৮০ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ১ হাজার ১৭৫ জন এবং নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।
দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।