Sunday 08 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মানিকগঞ্জের তরুণ উদ্যোক্তা বাছাইয়ে সাক্ষাৎকার শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২৬ ১৫:৩০ | আপডেট: ৮ নভেম্বর ২০২৬ ১৬:১৫

কেন্দ্রীয় ব্যাংকে তরুণ উদ্যোক্তা বাছাই কার্যক্রম শুরু – ছবি : সারাবাংলা

ঢাকা: তরুণ উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের বিশেষ কর্মসূচি ‘উদ্যোগ’-এর আওতায় মানিকগঞ্জ জেলার তিন উপ‌জেলার উদ্যোক্তা বাছাই কার্যক্রম শুরু হয়ে‌ছে।

রোববার (৮ নভেম্বর) থেকে তিন দিনব্যাপী এ কার্যক্রম চলবে। এতে সাক্ষাৎকার ও মূল্যায়নের মাধ্যমে মানিকগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার আবেদনকারীদের মধ্য থেকে চূড়ান্তভাবে অর্থায়নের জন্য উদ্যোক্তা নির্বাচন করা হবে।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে (মতিঝিল) ৮ থেকে ১০ নভেম্বর পর্যন্ত এ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। এতে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, উদ্যোক্তা ও করপোরেট ব্যক্তিত্বরা মূল্যায়ন কার্যক্রমে অংশ নি‌য়ে‌ছে। তাঁদের সামনে নিজেদের ব্যবসায়িক পরিকল্পনা ও উদ্যোগের সম্ভাবনা তুলে ধরার সুযোগ পাবেন আবেদনকারীরা।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে পরিচালিত ‘উদ্যোগ’ কর্মসূচির পূর্ণরূপ ‘Upazila-Driven Youth Opportunity for Growth’। তৃণমূল পর্যায় থেকে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করা, তাঁদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া এবং বিশেষ অর্থায়নের মাধ্যমে ব্যবসায়িক উদ্যোগ সম্প্রসারণে সহায়তা করাই এ কর্মসূচির লক্ষ্য।

মানিকগঞ্জ জেলার উদ্যোক্তা বাছাই কার্যক্রমে মূল্যায়নকারী হিসেবে থাকছেন এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, মোহাম্মদী গ্রুপের চেয়ারম্যান রুবানা হক, ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন রহমান, বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান এবং বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান।

এ ছাড়া মূল্যায়ন কার্যক্রমে অংশ নেবেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসের এজাজ বিজয়, অন্যরকম গ্রুপের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান সোহাগ এবং পাঠাও লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, কর্মসূচির প্রথম পর্যায়ে আটটি জেলায় উদ্যোক্তা অনুসন্ধান ও বাছাই কার্যক্রম হাতে নেওয়া হয়। এসব জেলায় ব্যাপক সাড়া পাওয়ার পর এখন দেশের বাকি ৫৬ জেলাতেও আবেদন গ্রহণ ও উদ্যোক্তা অনুসন্ধান চলছে। গত ১ নভেম্বর থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, উদ্যোগ কর্মসূচির আওতায় ভালো ও সম্ভাবনাময় ধারণা থাকা উদ্যোক্তাদের প্রকল্প যাচাই-বাছাই করে অর্থায়নের ব্যবস্থা করা হবে। যেসব প্রকল্প জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে এবং প্রয়োজনীয় পরিচর্যা ও সহায়তা পেলে ভবিষ্যতে বড় উদ্যোগে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি বলেন, অর্থায়নের অভাবে অনেক ভালো চিন্তা ও পরিকল্পনা শুরুতেই বিনষ্ট হয়ে যায়। উদ্যোগ কর্মসূচির মূল লক্ষ্য হলো এসব সম্ভাবনাময় পরিকল্পনাকে অর্থের অভাবে অঙ্কুরেই বিনষ্ট হওয়া থেকে রক্ষা করা। এ কর্মসূচিতে শুধু অর্থায়ন নয়, উদ্যোক্তাদের প্রয়োজন অনুযায়ী কারিগরি জ্ঞান, প্রযুক্তিগত সহায়তা ও বিপণন সুবিধাও দেওয়া হবে।
আরিফ হোসেন খান আরও বলেন, কোনো উদ্যোক্তাকে প্রয়োজনীয় কারিগরি ও বিপণন সহায়তা দেওয়া গেলে তাঁর ছোট উদ্যোগ একসময় বড় প্রতিষ্ঠানে পরিণত হতে পারে। উদ্যোক্তাদের সেই পর্যায়ে পৌঁছে দিতে প্রয়োজন অনুযায়ী সহায়তার পরিধি বাড়ানো হবে।

বাংলাদেশ ব্যাংকের প্রত্যাশা, তৃণমূল পর্যায়ের সম্ভাবনাময় তরুণদের ব্যবসায়িক উদ্যোগে নীতিগত সহায়তা ও বিশেষ অর্থায়ন দেওয়া হলে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে এ কর্মসূচি।

বিজ্ঞাপন

‘যকের ধন’-এর ‘যক’ কারা!
৮ নভেম্বর ২০২৬ ১৬:০৫

আরো

সম্পর্কিত খবর