Sunday 08 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইয়েমেনের রাজধানী সানায় সৌদি আরবের বিমান হামলায় নিহত ৩৩

আন্তর্জাতিক ডেস্ক
৮ নভেম্বর ২০২৬ ১৬:৪৪ | আপডেট: ৮ নভেম্বর ২০২৬ ১৬:৪৮

বিমান হামলার পর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ছবি: এপি।

ইয়েমেনের রাজধানী সানার কাছে একটি এলাকায় সৌদি আরবের বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত ও ৩৯ জন আহত হয়েছেন।

রয়টার্সের খবরে বলা হয়েছে, হুতিদের নিয়ন্ত্রণাধীন সংবাদ সংস্থা সাবা শনিবার (৭ নভেম্বর) এ তথ্য জানিয়েছে।

গত জুলাইয়ে সৌদি আরব ও ইরানের সমর্থনপুষ্ট ইয়েমেনি গোষ্ঠীটির মধ্যে আবারও সংঘর্ষ শুরুর পর এ ঘটনাকে সবচেয়ে প্রাণঘাতী হামলা বলা হচ্ছে।

ইয়েমেনের হুতি–নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, হামলাগুলো সানার পূর্বাঞ্চলে হুতিদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বানি হুশাইশ শহরের আবাসিক ঘরবাড়িতে আঘাত হেনেছে। নিহত ব্যক্তিদের অধিকাংশই নারী ও শিশু।

রয়টার্স ঘটনাটি স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি। সৌদি আরবের সরকারি যোগাযোগ ও গণমাধ্যমবিষয়ক প্রতিষ্ঠান ‘সেন্টার ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন’ জানিয়েছে, তারা এ খবরের সত্যতা যাচাই করে দেখছে।

বিজ্ঞাপন

সানার সেহাতুনা হাসপাতালের পরিচালক আবদুল–আজিজ আল–দাইলামি বলেন, ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকে আছেন। প্রাথমিকভাবে উদ্ধারকাজে এগিয়ে আসা কয়েকজন উদ্ধারকর্মীও চাপা পড়েছেন।

আল–দাইলামি রয়টার্সকে বলেন, ‘একটার পর একটা হামলা চলছেই। উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই আবার হামলা হচ্ছে। এমনকি আমরা আমাদের নিজেদের কয়েকজন চিকিৎসাকর্মীও হারিয়েছি। তারা হামলায় নিহত হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আমরা বেশ কয়েকজন এমন আহত ব্যক্তিকে পেয়েছি, যাদের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তাদের মাথা, বুক ও পায়ে আঘাত লেগেছে। কারও কারও হাড়ও ভেঙে গেছে।’

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধের প্রভাব মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ার পর সৌদি আরব ও হুতিদের মধ্যে এ লড়াই আবারও ইয়েমেনের গৃহযুদ্ধকে উসকে দিয়েছে।

গত অক্টোবরে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছিল, সর্বশেষ দফার লড়াই শুরু হওয়ার পর থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেড়ে দুই লাখ ছাড়িয়েছে।