Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অপরিকল্পিত ব্রিজ-কালভার্ট / পানির ‍নিচে ৫ গ্রামের ৫ হাজার বিঘা জমি

আশরাফুল ইসলাম জয়, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৬ ০৯:৩০ | আপডেট: ৯ নভেম্বর ২০২৬ ১০:৪৭

পানির ‍নিচে উল্লাপাড়া উপজেলার ৫ গ্রামের ৫ হাজার বিঘা জমি। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ: উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পাঁচটি গ্রাম আগরপুর, ক্ষুদ্র সিমলা, কালিকাপুর, খেইসর ও জালশুকা। দীর্ঘ পাঁচ বছর ধরে স্থায়ী জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন এই সব গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ। পানি নিষ্কাশনের পথ বন্ধ করে অপরিকল্পিতভাবে পুকুর খনন ও কালভার্টের মুখ আটকে দেওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এতে প্রায় পাঁচ হাজার বিঘা কৃষিজমি অনাবাদি পড়ে রয়েছে। এ ছাড়া, পানির নিচে তলিয়ে গেছে গ্রামীণ সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ, খেলার মাঠ ও বসতবাড়ির আঙিনা।

ভুক্তভোগীরা জানান, এই পাঁচ গ্রামের অধিকাংশ এলাকায় পানি জমে থাকছে বছরের পর বছর। কোথাও হাঁটুপানি, কোথাও কোমরসমান পানিতে ডুবে রয়েছে চলাচলের পথ। ফলে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত ব্যাহত হচ্ছে। স্বাভাবিক জীবনযাত্রা ও কৃষিকাজেও নেমে এসেছে স্থবিরতা। এ ছাড়া, বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়।

বিজ্ঞাপন

স্থানীয়দের অভিযোগ, সরকারি খাল ও পানি নিষ্কাশনের পথ দখল করে কয়েকটি স্থানে পুকুর খনন করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ ব্রিজ ও কালভার্টের মুখ বন্ধ করে দেওয়ায় পানি বের হওয়ার পথ কার্যত বন্ধ হয়ে গেছে। বিশেষ করে আগরপুর গ্রামের আদাচড়ি এলাকার একটি কালভার্টের মুখ বন্ধ থাকায় আশপাশের কয়েকটি গ্রামের পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে।

পানির ‍নিচে উল্লাপাড়া উপজেলার ৫ গ্রামের ৫ হাজার বিঘা জমি। ছবি: সংগৃহীত

পানির ‍নিচে উল্লাপাড়া উপজেলার ৫ গ্রামের ৫ হাজার বিঘা জমি। ছবি: সংগৃহীত

সবচেয়ে বেশি বিপর্যয় নেমে এসেছে কৃষকদের জীবনে। একসময় এসব জমিতে বিঘাপ্রতি ২০ থেকে ২৫ মণ ধান উৎপাদিত হতো। এখন দীর্ঘদিন পানিতে নিমজ্জিত থাকায় জমিগুলো চাষের অনুপযোগী হয়ে পড়েছে। অনেকে কৃষিকাজ ছেড়েও দিয়েছেন। দীর্ঘ জলাবদ্ধতায় মাটির ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হচ্ছে। অপরদিকে নোংরা পানিতে চলাচলের কারণে চর্মরোগসহ বিভিন্ন পানিবাহিত রোগের ঝুঁকি বাড়ছে।

স্থানীয় কৃষকদের দাবি, বছরের পর বছর জমি পানির নিচে থাকায় তাদের লাখ লাখ টাকার আর্থিক ক্ষতি হচ্ছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না করলে কৃষিজমি ও বসতভিটা হারিয়ে অনেক পরিবার নিঃস্ব হয়ে পড়বে।

রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওজেস আলী নায়েব সারাবাংলাকে বলেন, ‘কালভার্টের মুখ বন্ধ থাকায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে।’ বিশেষ প্রকল্পের মাধ্যমে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার আশা করছেন তিনি।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম সারাবাংলাকে জানান, জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

সারাবাংলা/পিটিএম