চট্টগ্রাম: চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় গত ২৪ ঘণ্টায় একহাজার ১৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদকবিরোধী অভিযানে তাদের গ্রেফতার করা হয়। রোববার (৮ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম রেঞ্জ কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের তথ্যানুযায়ী, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ৮০ জন, আগের মামলায় ৬৬ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৬১ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ছয় জন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৪৮ জন রয়েছেন। এ ছাড়া, পরোয়ানামূলে ১৮৫ জন, সাজা পরোয়ানামূলে ৩৪ জন, মাদক মামলায় ৭৬ জন মাদকসেবী এবং নিয়মিত ও অন্যান্য মামলায় আটক ৫০ জনকে মাদক কারবারিকে গ্রেফতার দেখানো হয়েছে।
মাদকবিরোধী অভিযানে মোট ১২৬ জনকে আটক করা হয়। এ ছাড়া, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩২ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা আদায় করা হয়েছে ৪ হাজার ৫০০ টাকা। এ সময় ৩৪টি মাদক মামলা হয়।
অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১২৯ সদস্যকে আটক করা হয়। এর মধ্যে চাঁদপুরে ৫৫, কুমিল্লায় ২৬, চট্টগ্রামে ১৫, নোয়াখালীতে নয়, লক্ষ্মীপুরে সাত, ব্রাহ্মণবাড়িয়ায় ছয়, ফেনীতে দুই, রাঙামাটিতে দুই, খাগড়াছড়িতে ছয় এবং কক্সবাজারে একজন রয়েছেন। পরে তাদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক করা হয়েছে ৫৯৮ জনকে। তাদের মধ্যে ৩৯৩ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ২০৫ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলাভিত্তিক হিসাবে কিশোর গ্যাংয়ের সদস্যদের মধ্যে কুমিল্লায় ২৬৪, চট্টগ্রামে ১১১, লক্ষ্মীপুরে ৫৬, ব্রাহ্মণবাড়িয়ায় ৩৮, চাঁদপুর ও নোয়াখালীতে ২৭ জন করে, কক্সবাজারে ২৬, ফেনীতে ১৩, খাগড়াছড়িতে ১৩, বান্দরবানে ১২ এবং রাঙামাটিতে ১১ জনকে আটক করা হয়। জনস্বার্থে এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।