Monday 09 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হৃদয়ের রেকর্ডগড়া সিলেট টেস্ট ড্র

স্পোর্টস করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৬ ১৬:৩০ | আপডেট: ৯ নভেম্বর ২০২৬ ১৭:৫৭

সিলেট টেস্টের শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের সামনে ছিল ৩৬৯ রানের পাহাড়সম লক্ষ্য। তবে বাস্তবতা বুঝে সেই লক্ষ্য পেরোনোর ঝুঁকি না নিয়ে বরং ম্যাচ বাঁচানোর চেষ্টা করে গেছে স্বাগতিকরা। তাওহিদ হৃদয় ও মুশফিকুর রহিম দিনের দ্বিতীয় সেশনটা নির্বিঘ্নে কাটিয়ে দিলে ড্রয়ের কাছাকাছি পৌঁছে বাংলাদেশ। আলোকস্বল্পতার কারণে শেষ সেশনের খেলা শেষ হয়েছে আগেভাগেই। সব মিলিয়ে ড্র’তে নিষ্পত্তি হয়েছে সিলেট টেস্ট।

তাতে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ। মিরপুরে সিরিজের প্রথম টেস্টটি ৮ উইকেটে জিতেছিল ক্যারিবিয়িানরা।

সোমবার (৯ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পঞ্চম দিনের খেলা শেষ হওয়ার সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ৫৯ ওভারে ৪ উইকেটে ১৮৪ রান। জয়ের জন্য তখনো প্রয়োজন ছিল ১৮৫ রান। হাতে ছিল ৬ উইকেট। তবে দিনের বাকি সময়টুকু খেলার মতো পর্যাপ্ত আলো না থাকায় ম্যাচ শেষ করার সিদ্ধান্ত নেন আম্পায়াররা।

বিজ্ঞাপন

৩৬৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ৪০ রানেই ফিরে যান দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও অধিনায়ক শান্ত। এরপর তাওহিদ হৃদয়কে নিয়ে প্রতিরোধ গড়েন মুশফিক। দুজনের ব্যাটে ধীরে ধীরে ম্যাচ বাঁচানোর পথে এগোয় বাংলাদেশ। দ্বিতীয় সেশনে কোনো উইকেট না হারিয়ে ১১৩ রান যোগ করেন তাঁরা। চা বিরতিতে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ১৬২ রান।

তখন হৃদয় ৮২ ও মুশফিক ৪০ রানে অপরাজিত ছিলেন। শেষ সেশনে দ্রুত রান তুলে জয়ের চেষ্টা না করে উইকেট ধরে রাখাই ছিল বাংলাদেশের প্রধান লক্ষ্য। তবে বিরতির পর মুশফিকুর ও হৃদয় ফিরে গেলে আবারও চাপে পড়ে বাংলাদেশ। তারপর লিটন দাস ও মেহেদি হাসান মিরাজ ক্রিজে নেমে উইকেট না দেওয়ার মিশনে যোগ দেন। এর মধ্যেই ১৮৪ রানে ৪ উইকেট হারানোর পর আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়।

এর আগে সকালে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৩৪৫ রান নিয়ে খেলতে নামে ওয়েস্ট ইন্ডিজ। আরও ৫৩ রান যোগ করে ৬ উইকেটে ৩৯৮ রানে ইনিংস ঘোষণা করে তারা। আগের দিনের অপরাজিত ব্যাটার কাভেম হজ ১৪২ রানে থামেন। আমির জাঙ্গু অপরাজিত থাকেন ৩৯ রানে। বাংলাদেশের হয়ে নাঈম হাসান, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ নেন দুটি করে উইকেট।

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৩৫৬ রানের জবাবে বাংলাদেশ করেছিল ৩৮৬ রান। তাতে ৩০ রানের লিড পেয়েছিল স্বাগতিকরা। কিন্তু দ্বিতীয় ইনিংসে ক্যারিবীয়দের বড় সংগ্রহের পর ৩৬৯ রানের লক্ষ্য পায় বাংলাদেশ।

সিরিজের শেষ ম্যাচে দলীয়ভাবে প্রত্যাশা পূরণ না হলেও বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি হৃদয়ের ব্যাটিং। প্রথম ইনিংসে ২৪২ রানে অপরাজিত থেকে টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়েন তিনি। দ্বিতীয় ইনিংসেও করেন ৮২ রান। দুই ইনিংস মিলিয়ে তাঁর সংগ্রহ ৩২৪—এক টেস্টে বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ রান। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে ক্যারিবিয়ারের তৃতীয় টেস্ট খেলতে নামা হৃদয়ের হাতে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর