Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মিনি স্টেডিয়ামের নামে দুটি টয়লেট নির্মাণ, ৩৮ লাখ টাকা লোপাট: এমপি মাসুদ

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৬ ১৮:৫০ | আপডেট: ৯ নভেম্বর ২০২৬ ২১:৪৬

জাতীয় সংসদে বক্তব্য রাখছেন সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ – ছবি : সংগৃহীত

ঢাকা: পটুয়াখালীর বাউফলে মিনি স্টেডিয়াম নির্মাণের নামে ৩৮ লাখ টাকা বরাদ্দ নিয়ে মাত্র দুটি টয়লেট নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ। তার দাবি, কাজ না করেই প্রকল্পের বাকি পুরো টাকা আত্মসাৎ করা হয়েছে। পুরো বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দ্রুত একটি প্রকৃত মিনি স্টেডিয়াম নির্মাণের জোর দাবি জানিয়েছেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

বিজ্ঞাপন

সংসদে নিজের নির্বাচনী এলাকার দুর্নীতির চিত্র তুলে ধরে শফিকুল ইসলাম মাসুদ বলেন, নির্বাচনী ইশতেহারে তরুণ সমাজকে কিশোর গ্যাং ও মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ এবং খেলার মাঠ উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। পরবর্তীতে যখন এ বিষয়ে মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়, তখন কাগজপত্রে সেখানে একটি মিনি স্টেডিয়াম দেখিয়ে জানানো হয় যে বাউফলে ইতিমধ্যে স্টেডিয়াম রয়েছে।

তিনি জানান, এরপর খোঁজ নিয়ে ঘটনার আসল সত্যতা জানা যায়। ৩৮ লাখ টাকা বাজেটের ওই প্রকল্পের আওতায় বিগত ফ্যাসিস্ট সরকার কেবল নামমাত্র দুটি টয়লেট নির্মাণ করেই পুরো বরাদ্দ লোপাট করে ফেলেছিল।

স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে পটুয়াখালী-২ আসনের এই সংসদ সদস্য বলেন, জনগণের এই অর্থ যারা তছরুপ করেছে, বর্তমান সরকার তাদের বিরুদ্ধে কী ধরনের আইনি ব্যবস্থা নিচ্ছে, তা তিনি জানতে চান। এ ছাড়া পূর্বের মতো দুর্নীতির ফাঁদে না পড়ে বাউফলে কীভাবে একটি পূর্ণাঙ্গ মিনি স্টেডিয়াম নির্মাণের নতুন বরাদ্দ পাওয়া যেতে পারে, সে বিষয়েও সংশ্নিষ্ট প্রতিমন্ত্রীর সুনির্দিষ্ট দিকনির্দেশনা কামনা করেন তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর