Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁদাবাজির মামলায় ফরিদপুরে ৪ জন কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৬ ২০:৫১

ছবি: সংগৃহীত

ফরিদপুর: পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কর্মরত এক কর্মকর্তার স্ত্রীর করা চাঁদাবাজির মামলায় ফরিদপুরের চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে ঢাকার ১৫ নম্বর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক নাজমিন আক্তার। এর আগে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল।

কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন (৪০), ওবায়দুল মোল্লার ছেলে ওয়াহিদুজ্জামান মোল্লা (৪৭), সালথা উপজেলার মাঝারদিয়া পূর্বপাড়া গ্রামের সাকিবুল ইসলাম সাকিব (৩২) এবং রাজবাড়ী সদর উপজেলার পাঠশালকাঠি এলাকার মুরাদ হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (৩৫)।

বিজ্ঞাপন

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা ফরিদপুর শহরে বসবাস করে ফরিদপুর ও রাজবাড়ী জেলায় সাংবাদিক ও বিএনপি নেতা পরিচয়ে দীর্ঘদিন ধরে ফেসবুক ব্লগ ব্যবহার করে ব্ল্যাকমেল ও চাঁদাবাজি করে আসছিলেন।

ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর এলাকার বাসিন্দা এবং সিআইডিতে কর্মরত পুলিশ কর্মকর্তা মো. রাজ্জাক হোসেন খানের স্ত্রী আয়শা আক্তার (২৬) ঢাকার সিএমএম আদালতে তাদের বিরুদ্ধে মামলাটি করেন।

মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, গত ৬ জুন আসামিরা সাংবাদিক পরিচয়ে তার কাছে ৩ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের ভয়ভীতি দেখান তারা। দাবিকৃত টাকা না দেওয়ায় দীর্ঘদিন ধরে তাকে ও তার স্বামীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রোপাগান্ডা ও মানহানিকর মিথ্যা তথ্য প্রকাশ করতে থাকেন আসামিরা। এমনকি তাকে ‘পতিতা’ এবং তার স্বামীকে ‘ঘুষখোর’ হিসেবে উল্লেখ করে প্রচার করা হয়।

অভিযোগে আরও বলা হয়, গত ৬ অক্টোবর এক আসামি বাদীর মুঠোফোনে কল করে ৫০ লাখ টাকা দাবি করেন। সেই টাকা না দেওয়ায় আসামিরা তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ফেসবুকে বিভ্রান্তিকর ও অপতথ্য প্রকাশ করতে থাকেন।

আদালত সূত্রে জানা যায়, সম্প্রতি এ মামলায় আসামিরা আদালতে নিজেদের ‘সাংবাদিক’ পরিচয় তুলে ধরে জামিন নেন। জামিনে মুক্তি পাওয়ার পর তারা আবারও বাদীকে হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখাতে থাকেন। এ ঘটনায় পরে ফরিদপুর কোতোয়ালি থানায় অভিযোগ করেন বাদী।

বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী ব্যারিস্টার আসাদুজ্জামান বলেন, ‘আসামিরা আদালতে হাজির হলে রাষ্ট্রপক্ষ ও বাদীপক্ষের আইনজীবীরা তাদের জামিনের তীব্র বিরোধিতা করেন। তারা আদালতকে বলেন, আসামিরা পেশাদার সাংবাদিক নন, বরং সাংবাদিকতার আড়ালে সংঘবদ্ধ চাঁদাবাজ। তাদের জামিন দেওয়া হলে মামলার সাক্ষী ও তথ্যপ্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক আসামিদের জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর