Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রাম কাস্টমসে পাজেরো-ল্যান্ড ক্রুজারসহ ৮ গাড়ি নিলামে

স্টাফ করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৬ ১১:৫০

চট্টগ্রাম: চট্টগ্রাম কাস্টমস হাউসে পড়ে থাকা আটটি অকেজো গাড়ি নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। নিলামের তালিকায় রয়েছে চারটি মিতসুবিশি পাজেরো, তিনটি টয়োটা সেলুন ও একটি টয়োটা ল্যান্ড ক্রুজার। ১৯৯১ থেকে ২০০৯ সালের মধ্যে তৈরি এসব গাড়ি বর্তমান অবস্থাতেই বিক্রি করা হবে। তবে অকেজো ঘোষিত গাড়িগুলো পুনরায় নিবন্ধনের যোগ্য নয়।

সোমবার (৯ নভেম্বর) চট্টগ্রাম কাস্টমস হাউসের প্রশাসন শাখা থেকে প্রকাশিত এক নিলাম বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সহকারী কমিশনার (প্রিভেন্টিভ ও প্রশাসন) শরীফ মুহাম্মদ আল আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে সিলমোহরযুক্ত খামে দরপত্র আহ্বান করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৫ নভেম্বর দুপুর ১২টার মধ্যে চট্টগ্রাম কাস্টমস হাউসের নির্ধারিত দরপত্র বাক্সে দরপত্র জমা দিতে হবে। একই দিন দুপুর সাড়ে ১২টায় দরদাতাদের উপস্থিতিতে দরপত্র খোলা হবে। নিলামের তালিকায় থাকা চারটি মিতসুবিশি পাজেরোর মডেল যথাক্রমে ২০০৯, ২০০৪, ২০০০ ও ১৯৯৫ সালের। তিনটি টয়োটা সেলুনের মডেল ১৯৯৬, ১৯৯৬ ও ১৯৯৫ সালের। অন্যদিকে টয়োটা ল্যান্ড ক্রুজারটি ১৯৯১ সালের। সবগুলো গাড়িই জাপানে তৈরি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত অফিস চলাকালে টেন্ডার সেল থেকে গাড়িগুলোর ক্যাটালগ ও দরপত্র দলিল সংগ্রহ করা যাবে। প্রতিটি গাড়ির জন্য এসব দলিলের মূল্য ৫০০ টাকা। নির্ধারিত চালানের মাধ্যমে এ অর্থ জমা দিতে হবে, যা ফেরতযোগ্য নয়।

দরপত্রের সঙ্গে প্রতিটি গাড়ির নির্ধারিত মূল্যের ১০ শতাংশ জামানত পে-অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে। এ ছাড়া দরদাতাদের হালনাগাদ ট্রেড লাইসেন্স (প্রযোজ্য ক্ষেত্রে), আয়কর সনদ, ভ্যাট নিবন্ধন সনদ ও জাতীয় পরিচয়পত্রের অনুলিপি জমা দিতে হবে। প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিজস্ব প্যাডে এবং ব্যক্তির ক্ষেত্রে সাদা কাগজে নাম, পূর্ণ ঠিকানা ও যোগাযোগের তথ্য উল্লেখ করতে হবে।

আগ্রহী ক্রেতারা প্রতিদিন অফিস চলাকালীন দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চট্টগ্রাম কাস্টমস হাউস প্রাঙ্গণে গাড়িগুলো সরেজমিনে দেখতে পারবেন। অকেজো ঘোষিত এসব যানবাহন পুনরায় নিবন্ধনের যোগ্য নয়।