বর্তমান বিশ্বে খেলাধুলা কেবল বিনোদন কিংবা শারীরিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যম নয়; বরং এটি এক বিশাল বাণিজ্যিক ব্যবস্থায় পরিণত হয়েছে। কোটি কোটি মানুষের আবেগ, আগ্রহ ও ভালোবাসাকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিপুল অর্থনৈতিক কর্মকাণ্ড। কিন্তু এই বাণিজ্যিক সম্প্রসারণের ভিড়ে খেলাধুলার নৈতিক দিক, ধর্মীয় মূল্যবোধ এবং এর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমের বৈধতা নিয়ে আমরা কতটা ভাবি?
একজন মুসলিমের জীবনে যেকোনো বিষয়ের গ্রহণযোগ্যতা নির্ধারণের ক্ষেত্রে ইসলামের নির্দেশনা গুরুত্বপূর্ণ। কারণ ইসলাম কেবল নামাজ, রোজা বা কিছু নির্দিষ্ট ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যা মানুষের ব্যক্তিগত, সামাজিক ও নৈতিক জীবনের প্রতিটি দিক সম্পর্কে দিকনির্দেশনা দেয়। তাই আধুনিক খেলাধুলার বাণিজ্যিক কাঠামো, এর সঙ্গে যুক্ত আর্থিক লেনদেন এবং জুয়ার প্রসারকে ইসলামের দৃষ্টিতে পর্যালোচনা করা প্রয়োজন।
এখন প্রশ্ন হলো, ইসলাম কি খেলাধুলার বিরোধিতা করে?
না।
বরং ইসলাম শরীরকে সুস্থ, সবল ও কর্মক্ষম রাখার জন্য খেলাধুলাকে উৎসাহিত করেছে। রাসূলুল্লাহ (সা.) নিজেও দৌড়, কুস্তি এবং তীরন্দাজির মতো শারীরিক কার্যক্রমকে উৎসাহ দিয়েছেন। তাই শুধুমাত্র শরীরচর্চা, সুস্থ বিনোদন বা দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে খেলাধুলা করা মূলত বৈধ।
খেলাধুলা ও শারীরিক সক্ষমতা সংক্রান্ত বিভিন্ন হাদিসে উঠে এসেছে,
আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: ‘আমি নবিজী (সা.)-এর সাথে এক সফরে ছিলাম। তখন আমি তরুণী ছিলাম। তিনি তার সাহাবিদের বললেন, ‘তোমরা এগিয়ে যাও।’ সাহাবিরা এগিয়ে গেলেন। এরপর তিনি আমাকে বললেন, ‘এসো, আমরা দৌড় প্রতিযোগিতা করি।’ আমি তার সাথে দৌড়ে জয়ী হলাম। পরবর্তীতে যখন আমার শরীর কিছুটা ভারী হলো, অন্য এক সফরে তিনি আবার সাহাবিদের এগিয়ে যেতে বললেন এবং আমাকে বললেন, ‘এসো, দৌড় প্রতিযোগিতা করি।’ এবার তিনি জয়ী হলেন এবং মুচকি হেসে বললেন, ‘এই জয় সেই জয়ের বদলা!’
(মুসনাদে আহমাদ: ২৬২৭৭, সুনানে আবু দাউদ: ২৫৭৮)
এছাড়াও, রাসুলুল্লাহ (সা.) বলেছেন: ‘তোমরা তীরন্দাজি চর্চা করো এবং অশ্বারোহণ (ঘোড়দৌড়) শেখো। তবে অশ্বারোহণের চেয়ে তীরন্দাজি শেখা আমার কাছে বেশি প্রিয়।’
(সুনানে তিরমিজি: ১৬৩৭)
কিন্তু আধুনিক বিশ্বে এর চিত্র ভিন্ন। বিভিন্ন খেলাকে ঘিরে গড়ে উঠেছে বিপুল অর্থনৈতিক কর্মকাণ্ড, যেখানে বিজ্ঞাপন, স্পনসরশিপ, সম্প্রচার স্বত্ব, খেলোয়াড়দের বাজারমূল্য ও পণ্য বিক্রির মাধ্যমে বিপুল মুনাফা অর্জিত হয়। এর পাশাপাশি আরেকটি বাস্তবতা হলো জুয়া ও বাজি। অনেক মুসলিমই বুঝে কিংবা ক্ষণিকের উত্তেজনায় না বুঝে এই জুয়া ও বাজির চক্রে জড়িয়ে পড়েন। পরিণতিতে তারা বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হন, পরিবার নিঃস্ব হয়ে যায় এবং পরবর্তীতে সামাজিকভাবেও চরম হেয় প্রতিপন্ন হন। অথচ, ইসলামে জুয়া সম্পূর্ণ হারাম। কিন্তু, বিভিন্ন খেলাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে কোটি কোটি টাকার বাজি ধরা হয়। শুধু তাই নয়, অনেক সময় এমন প্রতিষ্ঠানও এই আয়োজনের সঙ্গে যুক্ত থাকে যাদের ব্যবসার ধরন ইসলামের দৃষ্টিতে প্রশ্নবিদ্ধ।
আল্লাহ তাআলা পবিত্র আল-কুরআনে বলেন,
‘শয়তান তো এটাই চায় যে, মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করুক এবং আল্লাহর স্মরণ ও সালাত থেকে তোমাদের বিরত রাখুক।’
(সূরা আল-মায়িদাহ: ৯১)
তিনি আরও বলেন,
‘তারা তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে। বলো, ‘এ দুটোর মধ্যে রয়েছে মহাপাপ এবং মানুষের জন্য কিছু উপকারও; কিন্তু এ দুটোর পাপ ও ক্ষতি এদের উপকার অপেক্ষা অনেক বড়।’
(সূরা আল-বাকারাহ্: ২১৯)
বাস্তবে আমরা প্রায়ই দেখি, একটি খেলাকে কেন্দ্র করে মানুষ পরস্পরের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে, সম্পর্ক নষ্ট করে, এমনকি কখনো কখনো শত্রুতার পর্যায়েও পৌঁছে যায়। অন্ধ সমর্থন অনেক সময় মানুষকে ভারসাম্যহীন করে তোলে।
আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো সময়ের অপব্যবহার। আমরা অনেকেই একটি ম্যাচের জন্য ঘণ্টার পর ঘণ্টা ব্যয় করি, কিন্তু সেই সময়টুকু আল্লাহর স্মরণ, ইবাদত, পড়াশোনা বা নিজের দায়িত্ব পালনে কতটা ব্যয় করি, সেই প্রশ্নটি খুব কমই করি।
এ বিষয়ে হাদিসে সতর্কবার্তা এসেছে,
রাসুলুল্লাহ (সা.) বলেছেন: ‘দুটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ধোঁকার মধ্যে রয়েছে (অবহেলা করে); সুস্বাস্থ্য এবং অবসর সময়।’
(সহিহ বুখারি: ৬৪১২)
এছাড়াও রাসুলুল্লাহ (সা.) বলেছেন: ‘মানুষের ইসলামের সুন্দরের একটি দিক হলো; তার জন্য যা অনর্থক ও অকল্যাণকর, তা পরিত্যাগ করা।’
(সুনানে তিরমিজি: ২৩১৭)
এখন প্রশ্ন আসতে পারে, ‘তাহলে মুসলিম দেশগুলো কেন বিশ্বকাপে অংশগ্রহণ করে?’
এর উত্তর খুব সহজ নয়। বর্তমান বিশ্বের রাষ্ট্রব্যবস্থা মূলত অর্থনীতি, কূটনীতি এবং বৈশ্বিক প্রভাবের ওপর দাঁড়িয়ে আছে। অনেক দেশ খেলাধুলাকে নিজেদের আন্তর্জাতিক পরিচিতি, অর্থনৈতিক উন্নয়ন এবং রাজনৈতিক প্রভাব বৃদ্ধির একটি মাধ্যম হিসেবে ব্যবহার করে। তবে কোনো কাজ রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করা হয়েছে বলেই যে তা ইসলামের দৃষ্টিতে সর্বোত্তম বা অনুসরণযোগ্য হয়ে যাবে, এমন নয়।
সবকিছু মিলিয়ে, বিষয়টিকে যখন ইসলামের সার্বিক কাঠামোর আলোকে বিচার করা হয়, তখন মূল সত্যটি অত্যন্ত স্পষ্ট হয়ে ওঠে। যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং আখেরাতের কামিয়াবিই একজন মুসলিমের জীবনের মূল লক্ষ্য হয়, তবে কোনো খেলাকে কেন্দ্র করে অন্ধ আবেগ ও অনিয়ন্ত্রিত আসক্তি কোনোভাবেই যৌক্তিক হতে পারে না। একজন মুমিনের আসল পরিচয় কোনো নির্দিষ্ট খেলা বা দলের সমর্থক হওয়া নয়। বরং, তার সর্বশ্রেষ্ঠ পরিচয় হলো; সে আল্লাহর বান্দা।
অনেকেই হয়তো যুক্তি দিতে পারেন, ‘দৈনন্দিন জীবনে তো আমরা কত শত ভুল বা গুনাহ করি, খেলাধুলা নিয়ে এত ভাবনার কী আছে?’
হ্যাঁ, মানুষ হিসেবে আমরা প্রতিনিয়ত জেনে-না জেনে ভুল করি। কিন্তু সচেতন মুমিনের বৈশিষ্ট্য হলো; সত্য উদ্ভাসিত হওয়ার পর নিজেকে সংশোধনের সচেষ্ট হওয়া। যে অহেতুক আসক্তি বা অপচয় থেকে নিজেকে সহজে বাঁচিয়ে রাখা সম্ভব, তাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই।
সুতরাং আসল প্রশ্ন হলো; খেলাধুলার এই বিশ্বব্যাপী বাণিজ্যিকীকরণের যুগে আমরা আমাদের মূল্যবান সময়, আবেগ এবং উদ্দীপনা কার পেছনে অকাতরে বিলিয়ে দিচ্ছি? এই রঙিন আয়োজনগুলো কি আমাদের আখিরাতের জন্য কোনো কল্যাণ বয়ে আনছে, নাকি অলক্ষ্যে আমাদের সৃষ্টিকর্তার স্মরণ থেকে দূরে সরিয়ে দিচ্ছে?
লেখক: শিক্ষার্থী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়