ঢাকা: দেশের বিভিন্ন স্থানে অব্যাহত নাশকতা, হামলা, ভাঙচুর ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি স্পষ্ট জানিয়েছেন, বিরোধীদল হিসেবে তারা ব্যর্থতার দায় নেবেন না এবং সরকার ব্যর্থ হলে দেশ ও জাতির স্বার্থে বিরোধীদল দায়িত্ব পালন করবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এসব কথা বলেন বিরোধীদলীয় নেতা।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সদর দফতরের সামনে হামলা, বিভিন্ন থানার গেটে ককটেল বিস্ফোরণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পর পর একাধিক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। পার্বত্য অঞ্চলে সন্ত্রাসীদের দমনে একজন তরুণ সেনা সদস্য প্রাণ হারিয়েছেন এবং সাজেক ভ্যালিতে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হয়েছে। এ ছাড়া, গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন এবং দেশের বিভিন্ন স্থানে সরকারি ও বিরোধী দলের রাজনৈতিক কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটতরাজের ঘটনা ঘটছে।’
আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘দেশে বিজিবি, এসবি, এপিবিএন, নিয়মিত পুলিশ ও আনসার ব্যাটালিয়নের মতো একাধিক বাহিনী থাকা সত্ত্বেও অপরাধীদের দমনে দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। সাধারণ জনগণ অপরাধীদের ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিচ্ছে, অথচ বাহিনীর নিজ থেকে কোনো স্বতঃস্ফূর্ত ভূমিকা মিলছে না।’
এই উদ্বেগজনক পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতার তীব্র সমালোচনা করে তিনি বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বর্তমানে সম্পূর্ণ অকার্যকর মনে হচ্ছে। এবং এই পরিস্থিতির দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না।’
বিগত সরকারের আমলের নিপীড়নের স্মৃতি স্মরণ করে জামায়াত আমির উল্লেখ করেন, ‘ফ্যাসিস্ট আমলে বৈধ রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও তাদের অফিস সিলগালা করা হয়েছিল এবং একটি মিছিল বের করলেই একাধিক মামলা ও জেল নিশ্চিত ছিল। কিন্তু বর্তমান সময়ে প্রকাশ্যে একের পর এক আশঙ্কাজনক ঘটনা ঘটে চললেও আইনের যথাযথ প্রয়োগ দেখা যাচ্ছে না।’
গোয়েন্দা সংস্থাগুলোর কার্যকারিতা নিয়ে কড়া সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, ‘গোয়েন্দা দফতরের সামনেই ককটেল বিস্ফোরণ ঘটছে, অর্থাৎ তারা নিজেরাই নিরাপদ নয়। অথচ সংস্থাগুলো আসল ঘটনা উদ্ঘাটনে ব্যর্থ হয়ে বিরোধীদলের সংসদ সদস্যদের বিভিন্নভাবে নাজেহাল করছে এবং দল ছাড়ার জন্য ফোনে চাপ দিচ্ছে, যা চরম ঔদ্ধত্যের শামিল।’
একই সঙ্গে সরকারের কয়েকজন উপদেষ্টা ও জনপ্রতিনিধির পরস্পরবিরোধী ও বিভ্রান্তিকর বক্তব্যের সমালোচনা করে তিনি জানান, ‘জীবন ও রক্তের বিনিময়ে যে ফ্যাসিবাদকে তাড়িয়ে দেওয়া হয়েছে, কোনোভাবেই তাকে পুনরায় ফিরতে দেওয়া হবে না।’
সবশেষে স্পিকারের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে স্পষ্ট বক্তব্য ও দৃশ্যমান কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান বিরোধীদলীয় নেতা। তিনি উল্লেখ করেন, ‘সরকার সংকট মোকাবিলায় সহায়তা চাইলে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী সার্বিক সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।’