ঢামেক: নিখোঁজের চারদিন পর রাজধানীর ডেমরা নড়াইবাগ এলাকা থেকে হামিদুল ইসলাম (১৩) নামে এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে বলাৎকারের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় আরিফ (২০) নামের মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিহত হামিদুলের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এর আগে মঙ্গলবার নড়াইবাগের একটি ঝোপ থেকে শিশুটির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত হামিদুলের বড়ো ভাই সাইদুর রহমান জানান, তাদের বাড়ি বরিশাল জেলার কাজিরহাট উপজেলার আন্দারমানিক গ্রামে। বাবার নাম বাবুল আকন্দ। বর্তমানে ডেমরা নড়াইবাগ মোল্লাবাড়ি এলাকায় থাকেন তারা। দুই ভাই ও দুই বোনের মধ্যে হামিদুল ছিলো সবার ছোটো।
সাইদুর রহমান আরও জানান, তার বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ এবং হাসপাতালে ভর্তি। আর তার মা প্যারালাইজড। হামিদুলও শারীরিক প্রতিবন্ধী। গত শনিবার (৭ নভেম্বর) বেলা ১২টার পর থেকে হামিদুল নিখোঁজ হয়। এলাকায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছিল না। এরপর মাইকিং করা হয়। কোনোঁজ না পাওয়ায় থানায় জিডি করা হয়। সবশেষ ৯ তারিখ এলাকার একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় আরিফ নামে এক হোটেল কর্মচারী তাকে ডেকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন। এরপর পুলিশ আরিফকে জিজ্ঞাসাবাদ করে।
তিনি আরও জানান, মঙ্গলবার বিকেলে ডেমরা নড়াইবাগ মালা মার্কেট বোতল ফ্যাক্টরির পেছনে বালুর মাঠে ছেলেরা যখন ফুটবল খেলছিল, তখন সেই বল গিয়ে পড়ে ঝোপঝাড়ে। সেই বল আনতে গিয়ে তারা সেখানে একটি শিশুর মরদেহ দেখতে পায়। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ গিয়ে সেখান থেকে মরদেহ উদ্ধার করে।
ডেমরা থানার উপ পরিদর্শক (এসআই) শায়খ খসরু জানান, খবর পেয়ে নড়াইবাগ বোতল কারখানার পেছনের ঝোপঝাড় থেকে ওই শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এসআই আরও জানান, ‘এই ঘটনায় ভিডিও ফুটেজ দেখে আরিফ (২০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেছেন যে, ওই ঝোপঝাড়ে নিয়ে হামিদুলকে তিনি বলাৎকার করেছেন। যখন হামিদুর চিৎকার করতে থাকে, তখন তিনি তাকে গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করেন এবং ঝোপে ফেলে রেখে আসেন। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’