ঢাকা: রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক অঙ্গনে বহুমুখী কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের নিজ ভূমিতে নাগরিক অধিকার ও মর্যাদার সঙ্গে ফিরিয়ে দেওয়ার মাধ্যমেই দীর্ঘস্থায়ী এ সংকটের অবসান ঘটাতে হবে।’
বুধবার (১১ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) অন রোহিঙ্গা প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
ব্রিটিশ পার্লামেন্ট সদস্য ইমরান হুসাইন এ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন কাউন্সিলর হাসান উজ্জামান খান, পার্লামেন্টারি গবেষক মোহাম্মদ তাহমিদ মারজুক মোরশেদ এবং অরফানস ইন নিডের হেড অব ফান্ডরেইজিং আলতাফ হুসাইন।
বৈঠকে রোহিঙ্গা সংকট নিরসন, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সম্মানজনক প্রত্যাবাসন এবং এ বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান আইনি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের নিজ দেশে নাগরিক অধিকার ও মর্যাদা নিশ্চিত করে প্রত্যাবাসনের ব্যবস্থা করতে হবে। এ সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।’
বৈঠকে যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সদস্যরাও রোহিঙ্গা সংকটে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা বাড়াতে জোরালো ভূমিকা রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।