ঢাকা: বিদেশি এয়ারলাইনস ও শিপিং কোম্পানির কাছে প্রদেয় উদ্বৃত্ত আয়ের বিপরীতে তাদের এজেন্ট-গ্রাহকদের পক্ষে ব্যাংক গ্যারান্টি, স্ট্যান্ডবাই লেটার অব ক্রেডিট (এসবিএলসি) অথবা অন্য কোনো উপায়ে পেমেন্ট কমিটমেন্ট ইস্যু করার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
নতুন নিয়মে পেমেন্ট কমিটমেন্ট ইস্যুর অনুমোদন কেবল সেসব গ্রাহকের ক্ষেত্রে প্রযোজ্য হবে, যারা এমন বিদেশি এয়ারলাইনস বা শিপিং কোম্পানির এজেন্ট হিসেবে কাজ করেন। মূলত যাদের বাংলাদেশে কোনো ব্যবসায়িক কার্যক্রম নেই তারা এ সুবিধা পাবেন।
বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
জানা গেছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের হয়ে নির্দিষ্ট সময়ে পাওনা টাকা পরিশোধ করা হবে— এমন নিশ্চয়তা ব্যাংক লিখিতভাবে দিলে তাকে পেমেন্ট কমিটমেন্ট ইস্যু বলে। ব্যাংক সাধারণত ব্যাংক গ্যারান্টি, স্ট্যান্ডবাই ঋণপত্র (এসবিএলসি) অথবা অন্য কোনো লিখিত নিশ্চয়তার মাধ্যমে এ অঙ্গীকার দেয়। বিশেষ করে বিদেশি এয়ারলাইনস বা শিপিং কোম্পানির এজেন্টদের পাওনা অর্থ পরিশোধ নিশ্চিত করতে ব্যাংক এ ধরনের অঙ্গীকারপত্র দিতে পারে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন নির্দেশনার আওতায় অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে এ ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, ১৯৪৭-এর ১৮-বি ধারার বিধান অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবে। যেসব বিদেশি এয়ারলাইনস বা শিপিং কোম্পানির বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম রয়েছে, সেসব প্রতিষ্ঠানের স্থানীয় কার্যক্রমের অনুকূলে পেমেন্ট কমিটমেন্ট অবশ্যই বাংলাদেশি মুদ্রায় বা টাকায় ইস্যু করতে হবে।
প্রজ্ঞাপনে আরো স্পষ্ট করা হয়েছে, সংশ্লিষ্ট গ্রাহক ও প্রতিষ্ঠানের অবগতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে করতে দেশে কার্যরত সকল ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে নির্দেশনা প্রদান করা হয়েছে।
জানা গেছে, গত ২ সেপ্টেম্বর জারিকৃত এফইপিডি-১ সার্কুলার নং ৩২-এর পার্ট-এ-এর ৮(৫) অনুচ্ছেদের অনুযায়ী পেমেন্টে কমিটমেন্ট ইস্যুর কার্যক্রম পরিচালনা করার কথা বলা হয়েছে। কোনো এডি ব্যাংক এ নিয়ম না মানলে তার বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বাংলাদেশ ব্যাংকের পক্ষে জানানো হয়েছে।