কুষ্টিয়া: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও এমপি নুসরাত তাবাসসুম তার গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার অভিযোগ করেছেন। এতে টিনশেড বাড়ির আটটি ঘরের মধ্যে পাঁচটি পুড়ে গেছে।
বুধবার (১১ নভেম্বর) রাত ১২টার দিকে দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকার বাগুয়ান গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে, আগুনে দুটি ছাগল পুড়ে মারা গেছে বলে জানা গেছে।
ঘটনার পর রাত ১টায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতি। তিনি লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’
পরিবারের সদস্য ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দুর্বৃত্তরা বাড়িতে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে মুহূর্তের মধ্যে টিনশেড ঘরের কয়েকটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সংসদ সদস্যের ছোট ভাই ইসতিয়াক জানান, তাদের বাড়িতে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজে ঘটনার প্রমাণ রয়েছে। তবে ফুটেজে কারা আগুন দিয়েছে, তা স্পষ্টভাবে শনাক্ত করা যাচ্ছে না।

পুড়ে যাওয়া একটি ঘর।
আগুনে পুড়ে যাওয়া বাড়িটির পাশেই থাকা তিনতলা ভবনের তৃতীয় তলায় নুসরাতের পরিবারের সদস্যরা বসবাস করেন তবে সেখানে আগুন ছড়ায়নি।
স্থানীয় মিজানুর রহমান বলেন, ‘চিৎকার শুনে ঘুম থেকে উঠে আগুন দেখতে পান তারা। পরে স্থানীয়রা মিলে আগুন নেভানোর চেষ্টা করেন।’
ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার শফিকুল ইসলাম বলেন, ‘রাত ১২টা ২৫ মিনিটে তারা আগুন লাগার খবর পান। পরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।’
এদিকে, ঘটনার পর দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, আগুন লাগা ঘরটি গরু-ছাগল রাখার স্টোরজাতীয় একটি ঘর। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। ঘরে থাকা গরুগুলো নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও প্রাথমিকভাবে জানিয়েছিলেন তিনি।