Thursday 12 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মানবতাবিরোধী অপরাধের মামলা: ইনু-লতিফসহ ১০ আসামি ট্রাইব্যুনালে

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৬ ১২:৩৩

ঢাকা: শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত গণহত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুসহ ১০ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তবে নিরাপত্তাজনিত কারণে মামলার অপর আসামি মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান কারাগার থেকে ভার্চুয়ালি হাজিরা দেবেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। এদিন ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে।

বিজ্ঞাপন

ট্রাইব্যুনালে হাজির করা অপর আসামিরা হলেন, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাংবাদিক ফারজানা রুপা।

এর আগে, গত ১ নভেম্বর এ মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। তবে সাবেক আইজিপি শহীদুল হকের অসুস্থতার কারণে প্রসিকিউশনের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি পিছিয়ে আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

এ মামলায় শেখ হাসিনাসহ পলাতক আসামিদের মধ্যে রয়েছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও মাহবুবউল আলম হানিফ, সাবেক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক আইজিপি বেনজীর আহমেদ এবং সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ পুলিশের বেশ কয়েকজন সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা।

এর আগে, গত ৩ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। আসামিদের স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় খোঁজ না পাওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রসিকিউশনের কাছে নন-এক্সিকিউশন রিপোর্ট (এনইআর) জমা দেয়। পরবর্তীতে ১৬ সেপ্টেম্বর তারা আত্মসমর্পণ না করায় ওই ৩০ আসামিকে পলাতক বিবেচনা করে সরকারি খরচে আইনজীবী নিয়োগের আদেশ দেন আদালত। এর আগে গত ২৭ জুলাই ৪১ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয়।

এদিকে, প্রসিকিউশনের দাখিল করা এই মামলায় মূলত দুটি বড় ঘটনার উল্লেখ রয়েছে। যার মধ্যে প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার কথা বলা হয়েছে এবং দ্বিতীয় অভিযোগে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ২০ জনসহ দেশের বিভিন্ন স্থানে চালানো নৃশংস হত্যাযজ্ঞের বিষয়টির বিচার চাওয়া হয়েছে।

সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর