তুরস্ক: কপ৩১ সম্মেলনে জলবায়ু পরিবর্তনের ক্ষতি সামলে পরিবেশবান্ধব অর্থনীতিতে যাওয়ার প্রক্রিয়া বা ‘ন্যায্য রূপান্তর’ (জাস্ট ট্রানজিশন) এগিয়ে নিতে একটি নতুন কাঠামোর রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে। এই কাঠামোর মূল গঠন নিয়ে দেশগুলোর মধ্যে সমর্থন দেখা গেলেও অর্থ জোগান দেওয়া, নতুন প্রতিষ্ঠান তৈরি এবং সহায়তার শর্তাবলি নিয়ে মতবিরোধ কাটেনি।
সম্মেলনের তৃতীয় দিন বৃহস্পতিবার (১২ নভেম্বর) অপ্রাতিষ্ঠানিক খাতের সাধারণ শ্রমিক থেকে শুরু করে ছোট দ্বীপরাষ্ট্রের বাসিন্দা—সবার স্বার্থ রক্ষা করে কীভাবে বাস্তবসম্মত সহায়তা দেওয়া যায়, তা নিয়েই এখন চলছে মূল আলোচনা। একই সঙ্গে প্রতিটি দেশের নিজস্ব অগ্রাধিকারকে সম্মান জানানো এবং পুরোনো প্রতিষ্ঠানগুলোর কাজের পুনরাবৃত্তি না করার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
প্রস্তাবিত এই কাঠামোর মূল লক্ষ্য হলো, দেশগুলোর উন্নয়নের চাহিদার সঙ্গে মিল রেখে এমন জলবায়ু পদক্ষেপ নেওয়া, যাতে সাধারণ শ্রমিক ও ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-জীবিকা সুরক্ষিত থাকে।
জাতিসংঘের জলবায়ু সনদের অধীনস্থ ‘জাস্ট ট্রানজিশন ওয়ার্ক প্রোগ্রাম’-এর একটি বৈঠকে দেশগুলো তাদের নিজ নিজ প্রস্তাব তুলে ধরে। তবে এখানে চূড়ান্ত কোনো চুক্তি হয়নি; বরং কাঠামোটি দেখতে কেমন হতে পারে, সে বিষয়ে প্রাথমিক কিছু একমত হওয়ার ইঙ্গিত মিলেছে।
বৈঠকে আলোচকরা সুপারিশ করেন- এর জন্য একটি আলাদা পরিচালনা পর্ষদ এবং একটি আলাদা কারিগরি শাখা গঠন করতে হবে। তবে এই দুই অংশের কাজ কী হবে এবং দেশগুলো কীভাবে কারিগরি শাখা থেকে সাহায্য পাবে, তা এখনো চূড়ান্ত হয়নি। আলোচকরা এখনো সঠিক সিদ্ধান্তে একমত হতে পারেনি। একারণে কাঠামোটির অর্থায়ন ও কাজ নিয়ে বিভিন্ন দেশ ও জোটের মধ্যে ভিন্ন ভিন্ন মত দেখা গেছে।
এনভায়রনমেন্টাল ইন্টিগ্রিটি গ্রুপ চায়, দেশগুলো যেন স্বেচ্ছায় নিজেদের মতো করে কাজ করে এবং কারও ওপর কোনো নীতি চাপিয়ে দেওয়া না হয়। নতুন কোনো তহবিল তৈরি না করে জাতিসংঘের বাইরের সংস্থাগুলোর সঙ্গে তথ্য বিনিময় ও সমন্বয়ের প্রস্তাব দিয়েছে তারা। অন্যদিকে, আফ্রিকান গ্রুপ উন্নয়নশীল দেশগুলোর জন্য বাস্তবসম্মত সহায়তার ওপর জোর দিয়েছে। তাদের মতে, অপ্রাতিষ্ঠানিক খাতের অর্থনীতি এবং সরকারের বাজেট সীমাবদ্ধতার বিষয়টি মাথায় না রাখলে শ্রমিকদের সহায়তা করা সম্ভব হবে না।
ব্রাজিল চায়, কাজের পুনরাবৃত্তি না ঘটিয়ে অর্থ, প্রযুক্তি ও দক্ষতা বৃদ্ধির সুযোগ যেন আরও সহজ হয়। আর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নীতিগত আলোচনা, আন্তর্জাতিক সহযোগিতা, কারিগরি সহায়তা এবং বাইরের সংস্থাগুলোর সাথে সমন্বয় রেখে একটি কর্মপরিকল্পনার প্রস্তাব দিয়েছে।
বিশ্লেষকদের মতে, এসব অবস্থানের মধ্যে বেশ কিছু মিলও রয়েছে। অর্থ পাওয়ার সুযোগ সহজ করার অর্থ এই নয় যে, সবাই নতুন তহবিল চাইছে; আবার নতুন প্রতিষ্ঠান তৈরির বিরোধিতার অর্থও এই নয় যে, তারা সহায়তা দিতে রাজি নয়। মূলত তিনটি প্রশ্নে আটকে আছে অর্থায়নের বিতর্ক— এই কাঠামো চলবে কীভাবে, নতুন কোনো তহবিলের দরকার আছে কি না এবং পুরোনো উৎসগুলো থেকে দেশগুলো কীভাবে টাকা পাবে।
এ ছাড়া, সক্ষমতা ও অধিকারের বিষয়টিও আলোচনায় এসেছে। ছোট দ্বীপরাষ্ট্রগুলোর জোট চায়, তাদের সীমিত সক্ষমতা ও চাহিদার কথা মাথায় রেখে কারিগরি সাহায্য দেওয়া হোক। জাপান নতুন কোনো সংস্থা না বানিয়ে পুরোনো কর্মসূচিগুলো ব্যবহারের পক্ষে মত দিয়েছে।
পানামা দাবি জানিয়েছে, আদিবাসী ও স্থানীয় মানুষদের পূর্ণ সম্মতি ও পরামর্শ নিয়েই যেন কারিগরি সহায়তা দেওয়া হয়। অন্যদিকে, আরব গ্রুপ সার্বভৌমত্বের ওপর জোর দিয়ে বলেছে, কোনো দেশের ওপর নির্দিষ্ট প্রযুক্তি চাপিয়ে দেওয়া যাবে না এবং সাহায্যের সঙ্গে কোনো শর্ত জুড়ে দেওয়া চলবে না। এসব বক্তব্য থেকে মূলত তিনটি প্রশ্ন সামনে এসেছে—অগ্রাধিকার ঠিক করবে কে, সাহায্য কীভাবে পৌঁছাবে এবং সিদ্ধান্ত নেওয়ার সময় ক্ষতিগ্রস্ত মানুষের মতামত কীভাবে নেওয়া হবে।
সাধারণ শ্রমিক ও মানুষের কাছে এই কাঠামোর প্রকৃত মূল্য নির্ভর করবে জাতীয় পরিকল্পনার সঙ্গে সহজ শর্তে সহায়তা যুক্ত করার ওপর। ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান এ বিষয়ে বলেন, ‘যেসব সিদ্ধান্ত শ্রমিক ও জনগোষ্ঠীর জীবিকাকে প্রভাবিত করে, সেসব সিদ্ধান্তে তাদের মতামত দেওয়ার সুযোগ থাকতে হবে। এই কাঠামোর উচিত সেই অংশগ্রহণের সাথে সহজলভ্য অর্থায়ন, দক্ষতা ও সামাজিক সুরক্ষার সংযোগ ঘটানো—বিশেষ করে অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক, নারী ও তরুণদের জন্য।’
কারিগরি শাখার কাজের পরিধি, পুরোনো প্রতিষ্ঠানগুলোর সাথে এর সম্পর্ক এবং সহায়তা পাওয়ার নিয়মকানুন—আলোচকদের এখনো এসব বিষয় ঠিক করতে হবে। এসব সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে প্রস্তাবিত কাঠামোটি সাধারণ শ্রমিক ও প্রান্তিক মানুষের জন্য কতটা সুফল বয়ে আনতে পারবে।